নিজস্ব ডেস্ক | লিড নিউজ ২৪
দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেও নতুন করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই সরকারের। তবে রাজধানী ঢাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন।
দেশের বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আপাতত সরকারের এ ধরনের কোনো পরিকল্পনা নেই।
রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ ও সদস্য মোতায়েন সংশ্লিষ্ট বাহিনীগুলোর নিয়মিত দায়িত্বের অংশ।
এ সময় শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা এলাকায় সংঘর্ষ ও প্রাণহানির বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, রোববার ভোরে একদল ব্যক্তি পদ্মা সেতু এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এ ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নিজেদের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়েছে কি না, তা বিস্তারিত তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না।
স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
চলমান রাজনৈতিক কর্মসূচির পরিপ্রেক্ষিতে রাজধানীতে নিরাপত্তা বাড়ানো হলেও নতুন করে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সরকারের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্তব্য করুন