নিজস্ব প্রতিবেদক | লিড নিউজ ২৪:
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ইব্রাহিম সিপাহী নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (২৯ নভেম্বর) ভোরে জাজিরা উপজেলার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মী ও সমর্থকরা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। কর্মসূচি প্রতিহত করতে আগের রাত থেকেই ওই এলাকায় অবস্থান নিয়েছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দফায় দফায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেল, বিএনপির অস্থায়ী তাঁবু ও একটি রেস্তোরাঁয় আগুন দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, অন্তত ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। আগুনে রেস্তোরাঁটির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংঘর্ষে নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষ ও অবরোধের কারণে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মন্তব্য করুন