নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগির প্রস্তাবের পর আজ বৈঠকে বসছেন আইজেনকোট ও নেতানিয়াহু

ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট আজ রোববার সকালে জোট সরকার গঠন নিয়ে বৈঠকে বসছেন।

প্রধানমন্ত্রী পদ পর্যায়ক্রমে ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব দিয়ে নেতানিয়াহু একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের উদ্যোগ নেওয়ার পর এ বৈঠকের সিদ্ধান্ত হয়। শনিবার রাতে নেতানিয়াহুর দল লিকুদ এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত অক্টোবরের শেষ দিকে ইসরাইলে অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকোটকে।

এরপর থেকে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিভিন্ন দলকে নিয়ে জোট গঠনের চেষ্টা করছেন আইজেনকোট। তবে আরব-ইসরাইলি দলগুলোর সমর্থন নেওয়ার বিরোধিতা এবং অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোকে জোটে আনতে প্রয়োজনীয় সমঝোতা—দুই দিক থেকেই তিনি চাপে রয়েছেন।

শনিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোটের মধ্যে কথা হয়েছে। তারা রোববার সকাল ১০টায় ইসরাইলের উপকূলীয় শহর হার্জলিয়ার একটি হোটেলে বৈঠকে বসতে সম্মত হয়েছেন।

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরাইলের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দেন।

তিনি বলেন, ‘একজন নেতা হিসেবে আমার দায়িত্ব হলো সবকিছুর ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেওয়া। তাই আমি সম্মত হচ্ছি, নতুন মেয়াদের শুরুতে গাদি আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং আমি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করব।’

নেতানিয়াহুর এ প্রস্তাবের জবাবে আইজেনকোটও তাকে ও তার ডানপন্থী দল লিকুদকে পাল্টা প্রস্তাব দেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘লিকুদ যদি সত্যিকার অর্থে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় আগ্রহী হয়, তাহলে আগামী ২৪ ঘণ্টায় তাদের অবস্থান কতটা আন্তরিক, তা যাচাই করতে আমি প্রস্তুত।’

এর আগের দিন আইজেনকোট ঘোষণা দিয়েছিলেন, কোনো ধরনের ১৪ দিনের সময় বাড়ানোর সুযোগ না নিয়েই আগামী ৬ ডিসেম্বরের নির্ধারিত সময়সীমার মধ্যে তিনি নতুন সরকার গঠনের ঘোষণা দেবেন।

– স্পষ্ট প্রতারণা –

আইজেনকোটের প্রথম পরিকল্পনা ছিল নেতানিয়াহুবিরোধী দলগুলোকে নিয়ে জোট সরকার গঠন করা। তবে পরে তিনি তার মধ্যপন্থী ইয়াশার পার্টিকে নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ দলের সঙ্গে আলোচনা চালানোর নির্দেশ দেন।

শুক্রবার সাবেক সেনাপ্রধান থেকে রাজনীতিতে আসা আইজেনকোট অভিযোগ করেন, নতুন নির্বাচন আয়োজনের পরিস্থিতি তৈরি করতে লিকুদ ইচ্ছাকৃতভাবে জোট গঠনের আলোচনা দীর্ঘায়িত করছে।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘লিকুদ সমঝোতায় আসতে রাজি নয়। গত দুই সপ্তাহে তারা আলোচনার টেবিলে একটি সুনির্দিষ্ট প্রস্তাবও দেয়নি।’

শনিবার তিনি আরও বলেন, তার পক্ষ থেকে আগে দেওয়া একটি ‘বিস্তারিত প্রস্তাবের’ও কোনো জবাব দেয়নি দলটি।

এদিকে, অতি-রক্ষণশীল ইহুদি দল, আরব সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক জোট কিংবা লিকুদের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার—কোন পথে এগোবে, তা নিয়ে আইজেনকোটের বিস্তৃত রাজনৈতিক শিবিরে মতভেদ রয়েছে।

নেতানিয়াহুর পালাক্রমে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবকে তার বিরোধীরা উপহাস করেছেন।

আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর জোট জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন বলেছেন, আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারকে বাইরে থেকে সমর্থন দেওয়ার সম্ভাবনা রয়েছে তাদের।

শনিবার তিনি লিখেছেন, ‘গণতান্ত্রিক সংখ্যাগরিষ্ঠতা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে—রক্তাক্ত ও অবহেলাপূর্ণ এই সরকারের বিদায় নিতে হবে। ইহুদি ও আরব—সব নাগরিকের সম্মিলিত ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে আগামী সপ্তাহেই নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর সময় এসেছে।’

অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী ও মধ্যপন্থী বেয়াচাদ পার্টির সহ-প্রধান ইয়ার লাপিদ নেতানিয়াহুর প্রস্তাবকে ‘ধারাবাহিক প্রতারণাকারী একজন ব্যক্তির আরেকটি স্পষ্ট প্রতারণা’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, নেতানিয়াহু প্রতিটি রাজনৈতিক অংশীদারকে ধোঁকা দিয়েছেন এবং প্রতিটি চুক্তি ভঙ্গ করেছেন।

এ পর্যন্ত বামঘেঁষা ডেমোক্র্যাটস এবং ডানপন্থী ইসরায়েল বেইতেনু পার্টির সঙ্গে জোট গঠনের চুক্তিতে পৌঁছেছে ইয়াশার পার্টি।

তিন দলের আইনপ্রণেতার সংখ্যা সব মিলিয়ে ৩৬। অথচ ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৬১টি আসন।

আইজেনকোটের জোটে যোগ দিতে পারে আরব দলগুলো

এদিকে, দ্বিতীয় আরব-ইসরাইলি রাজনৈতিক দল রা’আমের নেতা মানসুর আব্বাস শনিবার পরোক্ষভাবে হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আইজেনকোটের নেতৃত্বাধীন জোটে তাঁর দলের যোগ দেওয়ার পথ এতে সহজ হতে পারে। কারণ, আইজেনকোট নতুন সরকারে যোগ দেওয়ার ক্ষেত্রে হামাসের নিন্দা জানানোর শর্ত দিয়েছেন।

আব্বাস জানিয়েছেন, তার দল নতুন জোট সরকার গঠনের শুরুতেই যোগ দিতে পারে, আবার পরবর্তী কোনো পর্যায়েও অংশ নিতে পারে।

ইসরাইলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস বলেন, তার দল রাম এবং আরব সংখ্যাগরিষ্ঠ আরেক দল জয়েন্ট লিস্ট চলতি সপ্তাহে ২০২৩ সালের ৭ অক্টোবরের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা তদন্তে একটি কমিশন গঠনের প্রস্তাবসংবলিত বিলে সমর্থন দিয়েছে। ওই বিলে হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে দল দুটি কার্যত হামাসের এই পরিচয় মেনে নিয়েছে।

আব্বাস বলেন, অতীতে তিনি এ ধরনের বক্তব্য দিতে রাজি হননি। কারণ, হামাসকে সরাসরি সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিলে ইসরাইলের আরব জনগোষ্ঠীর মধ্যে এবং পশ্চিম তীর ও গাজার ফিলিস্তিনিদের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিনি আশঙ্কা করেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা কোনদিন দেশে আসতে পারবে না : ডাঃ জাহেদ উর রহমান

১

স্পিকার হাফিজের এলাকায় ২২ বছর পর ছাত্রদলের তৃণমূল কর্মীসভা

২

শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রিন্সিপালের অপসারনের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ প্রত্যাহার

৩

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

৪

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল

৫

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তা বাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী

৬

প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগির প্রস্তাবের পর আজ বৈঠকে বসছেন আইজেনকোট ও নেতানিয়াহু

৭

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন স্থানে বিমান হামলায় নিহত ৩০

৮

কোস্টারিকায় প্রবেশে বাধার পর মেক্সিকোয় পৌঁছালেন জাতিসংঘের বিশেষ দূত

৯

ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা

১০

টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী

১১

ভূঞাপুরে বিদেশি মদের বড় চালান উদ্ধার, প্রাইভেটকারসহ আটক ৩

১২

নওগাঁর জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

১৩

রসায়ন অলিম্পিয়াডে সেরা চার শিক্ষার্থী, আন্তর্জাতিক আসরে যাচ্ছে তাইওয়ানে

১৪

মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

১৫

এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে ক্যারিয়ার গড়তে রাজধানীতে ক্যারিয়ার সামিট

১৬

মধুখালীতে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৭

লালমোহনে নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

১৮

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি

১৯

ভোলাহাটে এসআরবির অভিযানে মাদকসহ নারী গ্রে/প্তার, স্বামী পলাতক

২০