নিজস্ব প্রতিবেদক | লিড নিউজ ২৪:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধ ও বিভিন্ন স্থানে সংঘাতের ঘটনায় পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার বাস যোগাযোগ প্রায় বন্ধ হয়ে পড়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে দূরপাল্লার বাস চলাচল সীমিত করেছেন পরিবহন মালিকেরা।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকে পরিস্থিতির অবনতি ঘটে। রোববার সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অবরোধ এবং গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় বাস চলাচল আরও ব্যাহত হয়।
পরিবহনসংশ্লিষ্টদের তথ্যমতে, গত ১৭ নভেম্বর থেকে বিভিন্ন এলাকায় সংঘর্ষ, সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুরের ঘটনায় এই রুটে স্বাভাবিক বাস চলাচল বিঘ্নিত হচ্ছে।
নিরাপত্তাঝুঁকিতে ছয় স্থান
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস চলাচলের ক্ষেত্রে ছয়টি স্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। স্থানগুলো হলো—
* গোপালগঞ্জ মোড়
* মোল্লাহাট মোড়
* ঘোনাপাড়া
* মুকসুদপুর
* ভাটিয়াপাড়া
* খুলনা জিরো পয়েন্ট
গত ১৯ নভেম্বর পুলিশের সদর দপ্তরে চিঠি দিয়ে এসব এলাকায় নিরাপত্তা জোরদার ও বিজিবি মোতায়েনের অনুরোধ জানায় সংগঠনটি।
প্রতিদিন চলাচল করে প্রায় দেড় হাজার বাস
স্বাভাবিক সময়ে পদ্মা সেতু দিয়ে প্রতিদিন প্রায় দেড় হাজার যাত্রীবাহী বাস চলাচল করে। এই পথের ওপর নির্ভরশীল বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার পাশাপাশি ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের যাত্রীরা।
বর্তমান পরিস্থিতিতে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীরা বিপাকে পড়েছেন।
বিকল্প পথে চলছে সীমিতসংখ্যক বাস
যাত্রীদের ভোগান্তি কমাতে কয়েকটি পরিবহন প্রতিষ্ঠান পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাট ব্যবহার করে সীমিত পরিসরে বাস পরিচালনা করছে। খুলনা থেকে যশোর ও মাগুরা হয়ে বিকল্প পথেও বাস পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ স্থানগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। বিদ্যমান নিরাপত্তাঝুঁকির মধ্যে স্বাভাবিকভাবে বাস পরিচালনা করা কঠিন।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পদ্মা সেতু রুটে নিরবচ্ছিন্ন বাস চলাচল নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
মন্তব্য করুন