মাহফুজুর রহমান, জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার পরদিনই গরু ভোজ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে। এতে অংশ নিতে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা।
বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি পোস্টের মাধ্যমে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) এজিএস মাসুদ রানা এবং জবি শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ নিজ নিজ ফেসবুক আইডি থেকে পোস্টটি শেয়ার করেন। পোস্টের সঙ্গে অংশগ্রহণকারীদের নিবন্ধনের জন্য একটি গুগল ফরমের লিংকও যুক্ত করা হয়েছে।
এর আগে, বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আজম খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানায় প্রশাসন।
সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের আয়োজিত এক নৈশভোজে গরুর মাংস রান্নাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সঙ্গে বিতর্কের সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভও করেন তারা।
সোমবারের ওই ঘটনার পর ক্যাম্পাসে পশু জবাই বন্ধে প্রশাসনের নির্দেশনা আসে। এর পরপরই গরু ভোজ কর্মসূচির ঘোষণা সামনে আসে। তবে কর্মসূচিটি আয়োজনের প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে ঘোষণায় বিস্তারিত জানানো হয়নি।
মন্তব্য করুন