নিজস্ব প্রতিবেদক, লিড নিউজ ২৪
চট্টগ্রাম:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মাঝেই এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীদের ঝুলিয়ে দেওয়া তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক শেখ শরীফুল আলম। প্রবেশের সময় তাঁর সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন শীর্ষ নেতাকে দেখা গেছে।
আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে অনেকটা গোপনীয়তার সঙ্গেই ক্যাম্পাসে প্রবেশ করেন তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে একটি হায়েস মাইক্রোবাসে চড়ে চুয়েট ক্যাম্পাসের মূল ফটকে পৌঁছান নতুন উপাচার্য। সেখানে নিজের পদবি এড়িয়ে কেবল ‘শিক্ষক’ পরিচয় দিয়ে ভেতরে ঢোকেন তিনি। এরপর উপাচার্য ভবনে গিয়ে শাখা ছাত্রদলের নেতাদের সঙ্গে নিয়ে ফটকের তালা ভেঙে নিজ কার্যালয়ে প্রবেশ করেন।
সরেজমিনে উপাচার্যের দপ্তরে গিয়ে দেখা যায়, নতুন উপাচার্য তাঁর নির্ধারিত আসনে বসে আছেন। এ সময় তাঁর কক্ষে চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত এবং সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইনকে উপস্থিত থাকতে দেখা যায়।
উপাচার্যের সঙ্গে প্রবেশের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত গণমাধ্যমকে বলেন, ‘আমরা একসাথেই ভেতরে প্রবেশ করেছি’।
নেপথ্যের কারণ ও বর্তমান পরিস্থিতি:
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার।
তবে এই রদবদলের তীব্র প্রতিবাদ জানান সাধারণ শিক্ষার্থীরা। সদ্য সাবেক উপাচার্যকে স্বপদে পুনর্বহালের দাবিতে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন তাঁরা। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও কর্মবিরতি পালন শুরু করেন।
টানা ২০ দিন ধরে চলা এই অচলাবস্থার কারণে চুয়েটে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের এমন তীব্র বিক্ষোভের মুখেই এত দিন ক্যাম্পাসে পা রাখতে পারেননি নতুন উপাচার্য। তবে গত ২৪ সেপ্টেম্বর তিনি রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে নিজ পদে যোগদান করেছিলেন।
দীর্ঘ দিন ক্যাম্পাসের বাইরে থাকার পর আজ তালা ভেঙে দপ্তরে তাঁর আকস্মিক প্রবেশ এবং এর সঙ্গে রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতাদের সম্পৃক্ততা ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতিতে নতুন করে উত্তাপ ছড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন