সায়মন খান | লিড নিউজ ২৪
বছরের শেষ মাস ডিসেম্বরে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। শীতকালীন অবকাশ, বড়দিন, বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রতিষ্ঠানভেদে ১২ থেকে ১৮ দিন পর্যন্ত ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
২০২৬ শিক্ষাবর্ষের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ছুটি পাবেন কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ১২ দিন এবং মাদ্রাসায় টানা ১৬ দিনের ছুটি থাকছে।
প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে ১২ দিন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে ১৮ ডিসেম্বর থেকেই। নির্ধারিত সূচি অনুযায়ী ৩০ ডিসেম্বর বিদ্যালয় খুলবে।
মাধ্যমিক বিদ্যালয়েও একই মেয়াদের ছুটি
মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। সাপ্তাহিক ছুটিসহ এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ১৮ ডিসেম্বর থেকে টানা ১২ দিনের ছুটি পাবে।
কলেজে ছুটি ১৮ দিন
সরকারি ও বেসরকারি কলেজে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে।
এর সঙ্গে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ২০২৭ সালের ১ ও ২ জানুয়ারির সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজগুলো টানা ১৮ দিন বন্ধ থাকবে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৩ জানুয়ারি কলেজ খুলবে।
মাদ্রাসায় ছুটি শুরু ১১ ডিসেম্বর
স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে।
অবকাশের আগে ও পরে সাপ্তাহিক ছুটি থাকায় ১১ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত টানা ১৬ দিন বন্ধ থাকবে এসব শিক্ষাপ্রতিষ্ঠান।
আরও বাড়তে পারে ছুটির মেয়াদ
বার্ষিক ছুটির তালিকায় প্রতিষ্ঠানপ্রধানের জন্য সংরক্ষিত দুই দিনের ছুটির সুযোগও রয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এই ছুটি শীতকালীন অবকাশের সঙ্গে যুক্ত করলে কোনো কোনো প্রতিষ্ঠানে ছুটির মেয়াদ আরও বাড়তে পারে।
শীতকালীন এই অবকাশের মধ্য দিয়েই শেষ হবে ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নির্ধারিত বার্ষিক ছুটির সূচি।
মন্তব্য করুন