সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ্য বিজ্ঞাপন দিয়ে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। ‘Abashik hotel Dhaka’ নামের একটি ফেসবুক পেজ থেকে স্থানীয় বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে রীতিমতো প্যাকেজ ও মূল্যতালিকা প্রকাশ করে গ্রাহক আকর্ষণ করা হচ্ছে।
বিষয়টি ‘উত্তরা পোস্ট’-এর নজরে এলে এর সত্যতা যাচাইয়ে ছদ্মবেশী কাস্টমার সেজে বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগ করা হয়। যোগাযোগের পর অপর প্রান্ত থেকে নিজেকে ‘রোহান ভাই’ পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে বিস্তারিত প্যাকেজ ও মূল্যতালিকা পাঠানো হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ইস্টার্ন পলওয়েল শপিং কমপ্লেক্সের বিপরীত পাশের একটি আবাসিক হোটেলে শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে এই কার্যক্রম চালানো হচ্ছে। পাঠানো বার্তায় ঘণ্টা ও রাত (নাইট) ভিত্তিক বিভিন্ন ক্যাটাগরির রেট উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সাধারণ ও ভিআইপি (VIP) সার্ভিস ভেদে ১ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ওই বার্তায় কোনো ধরনের আইনি যাচাই-বাছাই ছাড়াই ‘কাপল রুম’ ভাড়া দেওয়ার কথাও উল্লেখ করা হয়, যেখানে তরুণ-তরুণীদের অবাধে সময় কাটানোর প্রলোভন দেখানো হয়েছে। পাশাপাশি সাধারণ ফ্যামিলি রুম (এসি ও নন-এসি) ২ হাজার থেকে ৩ হাজার টাকায় ভাড়া দেওয়ার তথ্যও দেওয়া হয়েছে। যোগাযোগের জন্য ‘রোহান ভাই’ পরিচয়ে ০১৬০৬-৬৬৪*** (হোয়াটসঅ্যাপ) নম্বরটি ব্যবহার করা হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের মতে, উত্তরার মতো একটি গুরুত্বপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকার ফেসবুক গ্রুপগুলোতে এ ধরনের প্রকাশ্য অসামাজিক বিজ্ঞাপন সামাজিক অবক্ষয় চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে। বিশেষ করে কোনো প্রকার পরিচয়পত্র ছাড়াই রুম ভাড়া দেওয়ার বিষয়টি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
আবাসিক এলাকার পরিবেশ রক্ষা এবং যুবসমাজকে অবক্ষয়ের হাত থেকে বাঁচাতে খুব শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ ও অভিযানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মন্তব্য করুন