পরিচ্ছন্ন ও সুন্দর ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কন্টিনজেন্ট।
শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় ক্যাডেটরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত থেকে নির্দেশনা প্রদান ও কার্যক্রম পরিদর্শন করেন অফিসার ইনচার্জ ও পিইউও মো. শফিকুল ইসলাম এবং পিইউও মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
আয়োজকরা জানান, অসচেতনভাবে যত্রতত্র ময়লা ফেলা এবং ডাস্টবিন ব্যবহারে উদাসীনতার কারণে ক্যাম্পাসের পরিবেশ দূষিত হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও জানান, পরিচ্ছন্নতা অভিযান কেবল এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না। একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ে তুলতে বিএনসিসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল—‘আমাদের ক্যাম্পাস আমরাই রাখবো পরিচ্ছন্ন’।
মন্তব্য করুন