বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস শুক্রবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে বৈঠক করেছেন। জাতিসংঘের এই সংস্থার কোনো প্রধানের এটাই প্রথম আনুষ্ঠানিক ভেনেজুয়েলা সফর।
দেশটির ওষুধ ও টিকা উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং জনস্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিকিৎসাসামগ্রীর সংকট ও হাসপাতালের অবকাঠামোর অবনতির কারণে ভেনেজুয়েলার স্বাস্থ্য খাত বর্তমানে গভীর সংকটে রয়েছে।
ভেনেজুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো মহাপরিচালকের এটাই প্রথম ভেনেজুয়েলা সফর। তাকে এখানে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।’
তবে এ সহযোগিতার জন্য নির্দিষ্ট কোনো অর্থায়ন বা বিনিয়োগের পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা ভেনেজুয়েলার কর্মকর্তারা জানাননি।
সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। স্বাস্থ্যসংক্রান্ত তথ্য প্রকাশ নিয়ে মতবিরোধ এবং দেশে কোনো স্বাস্থ্য সংকট রয়েছে বলে স্বীকার করতে মাদুরোর অস্বীকৃতির কারণে এ সম্পর্কের অবনতি ঘটে।
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে মাদুরো আটক হন। এরপর ওয়াশিংটন-সমর্থিত অন্তর্বর্তী সরকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আবারও সম্পর্ক স্থাপন করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদল বৃহস্পতিবার ভেনেজুয়েলায় পৌঁছায়। দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তারা রাজধানী কারাকাসের একটি টিকা উৎপাদনকেন্দ্র এবং কয়েকটি হাসপাতাল পরিদর্শন করে।
দেশে টিকা উৎপাদনে সহযোগিতার পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও ভেনেজুয়েলার সঙ্গে কাজ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে জাতীয় টিকাদান কর্মসূচিতে নতুন কয়েকটি টিকা যুক্ত করা হবে। পাশাপাশি আগে কর্মসূচিতে থাকলেও পরে বন্ধ হয়ে যাওয়া কয়েকটি টিকাও আবার চালু করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে আঞ্চলিক সংস্থা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) সঙ্গে যৌথভাবে কাজ করবে ভেনেজুয়েলা।
মন্তব্য করুন