মাহিদুল ইসলাম ফরহাদ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. হাকিমুল হাসান সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। উচ্চশিক্ষার পাশাপাশি জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী তাঁর বক্তব্যে বলেন, কলেজজীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলাবোধ ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার নবীন শিক্ষার্থীদের কলেজে স্বাগত জানিয়ে বলেন, এই কলেজের শিক্ষার পরিবেশ ও ঐতিহ্য ধরে রেখে শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও মননে সমৃদ্ধ করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, শিক্ষকদের নির্দেশনা মেনে চলা এবং পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের পরামর্শ দেন তিনি। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আইন মেনে চলা, সামাজিক মূল্যবোধ বজায় রাখা এবং অপরাধ ও মাদক থেকে দূরে থাকা জরুরি। প্রযুক্তির সঠিক ব্যবহার ও সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের ওপরও গুরুত্ব দেন তিনি। নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধু সনদ অর্জন নয়, বরং প্রকৃত জ্ঞান ও মানবিক গুণাবলি অর্জন করা।
শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সৃজনশীল চিন্তায় মনোযোগী হওয়া এবং নিজেদের যোগ্যতা বিকাশে সচেষ্ট থাকার পরামর্শ দেন তিনি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. হাকিমুল হাসান সিদ্দিকী তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়নে উন্নত অবকাঠামোর পাশাপাশি প্রয়োজন মানসম্মত পাঠদান, আধুনিক শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা। শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের নবীনবরণ পর্বে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গান, নাচ ও বিভিন্ন পরিবেশনায় কলেজ প্রাঙ্গণে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মন্তব্য করুন