(নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ও চিনাবাদামের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৫০০ কৃষককে এ সহায়তা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মীর হাসান আল বান্না। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ. ন. ম. শিবলী সাদিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন ও গোলাম রাব্বানী প্রধান, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর কাজী মাওলানা হাবিবুর রহমান এবং সেক্রেটারি রোকনুজ্জামান বকুল। এ ছাড়া সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তারা, সাংবাদিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ১ হাজার কৃষককে সরিষা চাষের জন্য এবং ৫০০ কৃষককে চিনাবাদাম চাষের জন্য কৃষি উপকরণ দেওয়া হয়। এর মধ্যে প্রত্যেক সরিষাচাষিকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রত্যেক চিনাবাদামচাষিকে ১০ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মীর হাসান আল বান্না বলেন, “সরকারের কৃষিবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের সরিষা ও চিনাবাদাম চাষে উৎসাহিত করা এবং আবাদ সম্প্রসারণ করাই আমাদের লক্ষ্য। এসব ফসলের আবাদ বাড়লে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন, পাশাপাশি দেশে ভোজ্যতেলের উৎপাদনও বাড়বে। কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী ফসলের পরিচর্যা করার আহ্বান জানাচ্ছি।”
মন্তব্য করুন