সাধন সাহা জয়:
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. আলমগীর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মো. সাহাদাৎ গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর দুপুরের দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার তিনলাখপীর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আলমগীর হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের বাসিন্দা। তিনি খোরশেদ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আলমগীর ও সাহাদাৎ মোটরসাইকেলযোগে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে তিনলাখপীর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। অপর আরোহী সাহাদাৎ গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে নবীনগরের নারুই গ্রামের আলমগীরের মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন