‘দার্জিলিং’ ও ‘চায়না’ জাতের কমলা চাষ করে ভাগ্য বদলাচ্ছে কমলা চাষিদের। জেলার বিজয়নগর উপজেলার দুলালপুরে লালমাটির টিলা ও সমতল জুড়ে গড়ে উঠেছে একের পর এক কমলার বাগান। গাছের ডালে ডালে ঝুলছে থোকা থোকা সোনালি কমলা। স্বাদ ও মানে ক্রেতাদের আস্থা অর্জনের পাশাপাশি বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। কমলা চাষ ঘিরে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান এবং কৃষি পর্যটনের সম্ভাবনা।
বিজয়নগরের কমলা চাষিদের এই উদ্যোগ কেবল কৃষকদের ভাগ্যই বদলে দেয়নি, বরং স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও অবদান রাখছে। সঠিক পৃষ্ঠপোষকতা ও সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা গেলে বিজয়নগরের এই সোনালি কমলা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করেন স্থানীয় কমলা ব্যবসায়ীরা। রসে টইটম্বুর আর মিষ্টতায় অনন্য হওয়ায় স্থানীয় এই কমলা ইতোমধ্যেই সাধারণ ক্রেতা ও পাইকারদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর, বিষ্ণুপুর, চম্পকনগর ও সিংগারবিল ইউনিয়নের লালমাটি মূলত লিচু, কাঁঠাল ও মাল্টা চাষের জন্য প্রসিদ্ধ। তবে বিগত বছরগুলোতে এই অঞ্চলের কৃষকেরা বাণিজ্যিকভাবে ‘দার্জিলিং’ ও ‘চায়না’ জাতের কমলা চাষে ঝুঁকেছেন। অল্প পুঁজিতে অধিক লাভ এবং রোগবালাই তুলনামূলক কম হওয়ায় দিন দিন বাড়ছে কমলা বাগানের সংখ্যা।
ফরমালিনমুক্ত ও শতভাগ নিরাপদ হওয়ায় বাগান থেকেই কেজি প্রতি ১৮০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে এসব কমলা। সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের কাছেও দিন দিন এর কদর বাড়ছে।
সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কমলা চাষি মো. খোকন মিয়ার কমলা বাগান। এই কমলার বাগানে বাম্পার ফলনের খবর ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় প্রতিদিন বিকেল হলেই বাগানগুলোতে ভিড় জমাচ্ছেন অসংখ্য দর্শনার্থী। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা গাছ থেকে নিজ হাতে তাজা কমলা পেড়ে নিচ্ছেন এবং ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।
কমলা চাষি খোকন মিয়া বলেন, প্রথমে প্রায় ৪০ শতক জমিতে কমলার চারা রোপণ করি। স্থানীয় কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী জৈব সার আর সঠিক পরিচর্যা করার পর তৃতীয় বছর থেকেই গাছে বাম্পার ফলন আসতে শুরু করে। এ বছর আমার বাগানের প্রতিটি গাছে ৩২০ থেকে ৪৫০টি করে কমলা ধরেছে। বাজারে নেওয়ার আগেই পাইকাররা বাগান থেকে অগ্রিম টাকা দিয়ে ফল কিনে নিচ্ছেন। খরচ বাদ দিয়ে এবার সাড়ে ৩ থেকে সাড়ে ৪ লাখ টাকার মতো লাভ হবে বলে আশা করছি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ ড. মোস্তফা এমরান হোসেন জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২৫ হেক্টর জমিতে কমলার আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় দ্বিগুণ।
তিনি বলেন, বিজয়নগরের লালমাটি ও এখানকার আবহাওয়া সাইট্রাস জাতীয় ফল যেমন, মাল্টা ও কমলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। আমরা শুরু থেকেই কৃষকদের উন্নত মানের রোগমুক্ত চারা সরবরাহ, প্রুনিং (ডাল ছাঁটাই) এবং জৈব বালাইনাশক ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে আসছি।
কৃষি কর্মকর্তারা মনে করেন, কৃষকরা যদি নিয়মিত কারিগরি সহায়তা প্রাতিষ্ঠানিক সমর্থন এবং ফসল তোলার জন্য উন্নত সুযোগ-সুবিধা পান তাহলে এই অঞ্চলটি একটি প্রধান সাইট্রাস (লেবু জাতীয় ফল) উৎপাদনকারী এলাকা হিসেবে গড়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা রাখে।
স্থানীয় অংশীজনরা মনে করেন, এসব ফলের বাগানকে আকর্ষণীয় কৃষি-পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে। কৃষি উৎপাদনের পাশাপাশি এ অঞ্চলে গ্রামীণ বিনোদন ও পর্যটনের সমন্বয় ঘটানো সম্ভব।
তাদের মতে, ফসল তোলার পরবর্তী ক্ষতি কমানোর জন্য এবং বিজয়নগরের কমলার বাজার সম্প্রসারণের লক্ষ্যে আধুনিক সংরক্ষণ, প্যাকেজিং, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।
যথাযথ সরকারি সহায়তা, উন্নত সংরক্ষণ অবকাঠামো এবং গুণমান নিশ্চিত করা হলে স্থানীয়ভাবে উৎপাদিত এই সোনালি কমলা ভবিষ্যতে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও পৌঁছে যেতে পারে।
বিজয়নগরের কৃষকদের কাছে এই ‘কমলা বিপ্লব’ কেবল ফল চাষের সাফল্যই নয়। এটি সমৃদ্ধি, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতিকে আরও উন্নত করার সুযোগ তৈরি করছে।
মন্তব্য করুন