মারুফ আহমেদ, টঙ্গী (গাজীপুর)
গাজীপুরের টঙ্গীতে মো. জুয়েল (৪২) নামে এক তাঁতী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে টঙ্গী পূর্ব থানার শাহী মসজিদ রোড এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাশদী গ্রামের আবুল খায়েরের ছেলে।
বর্তমানে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার শাহী মসজিদ রোডে ফাতেমার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি টঙ্গী পূর্ব থানা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হয়। পরে তার বাসা থেকে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম বলেন, “সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে মো. জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”
এলাকাবাসীর থেকে জানা যায় , জুয়েল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
মন্তব্য করুন