রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:”বৃক্ষরোপন করি,পরিবেশের ভারসাম্য রক্ষা করি “এই প্রতিবাদকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলার দামাইক্ষেত্র বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি মো: আমিরুল বাহার এর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশকে শীতল রাখে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম, জ্যোৎস্না ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রতন কুমার সাহা রেন্টু,দামাইক্ষেত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম,বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি উত্তম শর্মা, সাধারণ সম্পাদক আব্দুল জলিল সহ আরো অনেকে।
এ সময় বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক,শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন