ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ছয় দিন পর সাইদুল ইসলাম (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার রূপসদী ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় শিশুটির দুই হাত পেছনে বাঁধা এবং মুখে স্কচটেপ লাগানো ছিল বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোক, ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত সাইদুল ইসলাম হোগলাকান্দি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে। তার মায়ের নাম জহুরা বেগম।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর বিকেল আনুমানিক ৫টার দিকে সিঙ্গারা কেনার জন্য বাড়ি থেকে বের হয় সাইদুল। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও শিশুটির সন্ধান চেয়ে প্রচার চালানো হয়।
দীর্ঘ ছয় দিন নিখোঁজ থাকার পর আজ বিকেলে স্থানীয়দের নজরে আসে একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি সাইদুলের বলে শনাক্ত করেন।
এদিকে, শিশুটির নিখোঁজ হওয়ার পর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার বড় ভাইয়ের কাছে মুক্তিপণ দাবি করেছিলেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল বলেও দাবি করেছেন তার বড় ভাই। তবে এ অভিযোগের সত্যতা এবং ঘটনার সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
হত্যার সম্ভাব্য কারণসহ পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
একটি শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও এলাকাবাসী। সাইদুলের মৃত্যুর রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্য করুন