ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগসহ তিন জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
কারাগারে যাওয়া অপর দু’জন হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী ওবায়দুর রহমান সুদাইচ (২২) ও মো. সুমাইয ইসলাম (১৯)।
আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাত ২৫-৩০ জন আসামি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করে। এ সময় ডিউটিরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় দু’জনকে আটক করা হয়। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় সূত্রাপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
মন্তব্য করুন