নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন স্বপ্নে তিস্তা পাড়ের মানুষ

দীর্ঘদিনের বঞ্চনা ও দুর্ভোগ নিরসনের আশায় প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরের দিকে তাকিয়ে আছেন তিস্তাপাড়ের অসংখ্য মানুষ।

আগামীকাল ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উত্তরের পাঁচ জেলার কোটি মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

সরকার যায় সরকার আসে, কিন্তু তিস্তাপাড়ের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। তাই তারেক রহমান সরকারের ওপর দীর্ঘ প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। তারা মনে করছেন, এই সরকার জনগণের কথা ভাবেন। তাই তিস্তা মেগা পরিকল্পনা বাস্তবায়নের কথাও ভাববেন।

তাদের প্রত্যাশা, দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এবার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। দূর হবে তাদের বহুবছরের বঞ্চনা।

তিস্তা মহাপরিকল্পনার সঙ্গে জড়িয়ে আছে রংপুর অঞ্চলের পাঁচ জেলা—লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধার কৃষি, অর্থনীতি, কর্মসংস্থান এবং সামগ্রিক উন্নয়নের ভবিষ্যৎ।

নদীভাঙন, শুষ্ক মৌসুমে পানির সংকট, বন্যা ও পলি-বালু জমে কৃষিজমি অনাবাদি হয়ে পড়ার মতো দীর্ঘদিনের সমস্যার সমাধানে এই মহাপরিকল্পনাকে সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে দেখছেন নদীপাড়ের মানুষ।

লালমনিরহাট সদর উপজেলার চর গোকুন্ডার কৃষক হাসেম আলী বলেন, পুরো জীবনটাই তিস্তার সাথে খেলা করে বেঁচে আছি। তিস্তার ভাঙ্গা গড়া খেলা আমাদেরকে দুর্বিষহ করে তুলেছে। বাপ দাদার ১৬ বিঘা জমির পুরোটাই তিস্তা নদীর গর্ভে বিলীন হয়েছে।

নদীর চরে জেগে ওঠা কিছু জমিতে ফসল আবাদ করে তারা বেঁচে আছেন। কিন্তু সেচের পানির অভাবে অনেক সময় আশানুরূপ ফলন হয় না। শুষ্ক মৌসুমে তিস্তা প্রায় পানিশূন্য হয়ে পড়লে নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে দেখা দেয় ধু-ধু বালুচর।

কৃষক মনির হোসেন বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর বুক থেকে তাঁর ১০ থেকে ১২ বিঘা জমি পুনরুদ্ধার করা সম্ভব হবে। এসব জমিতে স্থায়ীভাবে চাষাবাদ করতে পারবেন তিনি।

তারা আরো বলেন, বহু বছর থেকে শুধু শুনেই আসছি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে। কিন্তু সরকার যায় আর সরকার আসে, এ পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এবার আমাদের এলাকায় আসছেন। আমরা আশা করছি, তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন। এটাই তিস্তাপাড়ের মানুষের দাবি।

রংপুরের কাউনিয়া উপজেলার চর বালাপাড়া এলাকার কৃষক সাহানুর ও ফারুক সাতবার বসতবাড়ি হারিয়েছেন। দুজনের ২৭ বিঘা জমি ছিল। এসব জমিও নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত জমি পুনরুদ্ধার হতে পারে—এমন স্বপ্ন দেখেন তারা। জীবনের শেষ সময়ে অন্তত নিজের জমিতে চাষাবাদ করে স্বস্তিতে দিন কাটানোর প্রত্যাশা এসব কৃষকের। স্বপ্ন দেখেন জীবিত অবস্থায় তিস্তা মহা পরিকল্পনার বাস্তবায়ন দেখে যেতে পারবেন।

সাহানুর বলেন, ‘একসময় আমাদের পরিবার সচ্ছল ছিল। নদীভাঙনে সবকিছু হারিয়ে এখন দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। তিস্তা আমাদের সব কেড়ে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের এলাকায় আসছেন। আমরা আশাবাদী। তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এবার তিনি এর বাস্তবায়নে একটি রোডম্যাপ ঘোষণা করবেন—এটাই আমাদের প্রত্যাশা।’

কালীগঞ্জ উপজেলার চর শৈলমারী গ্রামের কৃষক আব্দুল আলিমের প্রত্যাশাও একই।

আব্দুল আলিম বলেন, ‘বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ সম্পর্কে অবগত এবং এ বিষয়ে আন্তরিক। আমরা বিশ্বাস করি, তিনি এবার মহাপরিকল্পনা বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করবেন।’

এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নতুন করে আন্তর্জাতিক মানের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, এ সমীক্ষার জন্য পানি সম্পদ মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনে ২৩ কোটি টাকার একটি প্রস্তাব পাঠিয়েছে। মূল প্রকল্প বাস্তবায়নের আগে এর কারিগরি, অর্থনৈতিক ও পরিবেশগত যৌক্তিকতা বিস্তারিতভাবে মূল্যায়ন করাই এ সমীক্ষার উদ্দেশ্য।

প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের মাধ্যমে তিস্তা নদীর পানিপ্রবাহ ও জলবিদ্যাগত বৈশিষ্ট্য, নদীর গতিপ্রকৃতি ও গঠনগত পরিবর্তন, পরিবেশগত প্রভাব এবং আর্থসামাজিক পরিস্থিতি মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা, প্রয়োজনীয় অবকাঠামো ও দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে। শিগগিরই মাঠপর্যায়ে এই মূল্যায়ন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’-এর সভাপতি নজরুল ইসলাম হক্কানী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সংগঠনটি সরকারের কাছে ছয়টি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) মহাপরিকল্পনার বাজেট অনুমোদন, দ্রুত বাস্তবায়ন রোডম্যাপ ঘোষণা, তিস্তা কর্তৃপক্ষ গঠন, তিস্তা বন্ড চালু, নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ এবং তিস্তার সঙ্গে যুক্ত ২২টি শাখা নদী পুনরুজ্জীবিত করা।

তিনি বলেন, ‘১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসছেন। আমরা আশায় বুক বেঁধেছি, তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের একটি রোডম্যাপ ঘোষণা করবেন। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে তিস্তাপাড়ের হাজার হাজার মানুষ উপস্থিত থাকবেন। তাদের সবার প্রত্যাশা, এবার যেন শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের সুস্পষ্ট উদ্যোগের ঘোষণা আসে।’

সংগঠনটির সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবিতে তিস্তাপাড়ের বিভিন্ন স্থানে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছেন নদীপাড়ের মানুষ। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফর থেকেই দীর্ঘদিনের অপেক্ষার অবসানের সূচনা হবে।

তিনি বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রতিশ্রুতি শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। এখন আর শুধু প্রতিশ্রুতি শুনতে চাই না, বাস্তবায়ন দেখতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা, তিনি এবার মহাপরিকল্পনা বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন। তা না হলে দীর্ঘদিনের অপেক্ষা ও প্রত্যাশার পর তিস্তাপাড়ের মানুষের মধ্যে আবারও হতাশা তৈরি হবে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ সংগঠনটি প্রধান উপদেষ্টা আসাদুল হাবিব দুলু মনে করেন, প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করবেন। ইতোমধ্যে এ প্রকল্পের বিভিন্ন কারিগরি কার্যক্রম এগিয়ে চলছে। এটি একটি মেগা প্রকল্প হওয়ায় সরকার প্রয়োজনীয় বিশ্লেষণ ও যাচাই-বাছাই করেই এগিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে উত্তরের পাঁচ জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

১

তিতাস নদীতে প্রশাসনের অভিযান, ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ

২

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ

৩

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন স্বপ্নে তিস্তা পাড়ের মানুষ

৪

যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

৫

সাফল্য ও গৌরবের দৃষ্টান্ত এখন বিদেশ ফেরত মাজেদ

৬

নবীনগরে ব্যবসায়ী বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

৭

​ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ

৮

নবাবগঞ্জে বসতবাড়ি ও দরবার শরীফে হা/মলার অভিযোগ, ছয় দফা দাবি HRCBM-এর

৯

নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুর যুবদলের বিক্ষোভ

১০

কেমব্রিজ ডিকশনারির ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিউম্যান

১১

ভারতে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যামাজন

১২

চীনের প্রযুক্তিনগরী শেনজেনে কাজ শিখছে রোবট

১৩

২০২৫-২৬ অর্থবছরে কেরুর ডিষ্ট্রিলারী বিভাগের লাভ ২২৪ কোটি টাকা

১৪

নিষিদ্ধ ছাত্রলীগের ঈশ্বরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক গ্রে/ফ/তার

১৫

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল পুনরায় শুরু

১৬

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

১৭

যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের উদ্ধারে উড়ন্ত ড্রোনের ওপর ভরসা করছে ইউক্রেন

১৮

যশোরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক পবিত্র কারাগারে

১৯

যশোর আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি পদে দুই ও সম্পাদক পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়

২০