মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং অব্যাহত মূল্যস্ফীতির চাপের কারণে নীতি সুদের হার বাড়িয়েছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার ব্যাংকটি সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪ দশমিক ৮৫ শতাংশ করেছে। এতে দেশটিতে সুদের হার গত ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ) এ সিদ্ধান্তের কথা জানায়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিবৃতিতে ব্যাংকটি বলেছে, ‘মূল্যস্ফীতি এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। এর পেছনে আংশিকভাবে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ার প্রভাব রয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বৃদ্ধির ফলে প্রযুক্তিসংশ্লিষ্ট পণ্যের দাম দ্রুত বাড়ছে। এ ছাড়া অনেক পণ্য ও সেবার মূল্যস্ফীতিও এখনো উচ্চ পর্যায়ে রয়েছে।’
চলতি বছরে এ নিয়ে পঞ্চমবারের মতো সুদের হার বাড়াল অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক। নতুন এই সিদ্ধান্তের ফলে দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়তে পারে। বিশেষ করে বাড়ি কেনার জন্য নেওয়া ঋণের কিস্তি বেড়ে যাওয়ায় পরিবারগুলোর ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে। অস্ট্রেলিয়ায় বিষয়টি রাজনৈতিক ভাবেও বেশ গুরুত্বপূর্ণ।
সুদের হার সর্বশেষ ২০০৮ সালের শেষ দিকে, বৈশ্বিক আর্থিক সংকটের চরম সময়ে, এ পর্যায়ে ছিল।
দেশটির কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে বলেছে, অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ড ও মূল্যস্ফীতির ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে এখনো যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘বিশ্ববাজারে তেল সরবরাহে বিঘ্ন অব্যাহত থাকায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় বাজারেই জ্বালানির দাম এবং মূল্যস্ফীতির ওপর ঊর্ধ্বমুখী চাপ তৈরি হচ্ছে। দীর্ঘ সময় ধরে এই অনিশ্চয়তা চলতে থাকলে অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও কমে যেতে পারে।’
মন্তব্য করুন