সায়মন খান | লিড নিউজ ২৪:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, বিশ্বজুড়ে সম্মানিত একজন বাংলাদেশিকে বিদেশের মাটিতে অপমান করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের কর্মকাণ্ড শুধু একজন ব্যক্তিকে অসম্মান করা নয়, বরং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মর্যাদাকেও প্রশ্নের মুখে ফেলে।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর সর্বান্দিয়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ড. মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের পরিচিতি ও সম্মান বাড়িয়েছেন। তিনি দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়েছেন। অথচ সেই ব্যক্তিকেই বিদেশের মাটিতে প্রকাশ্যে হেনস্তা করা হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তির সহযোগীরা পরিকল্পিতভাবে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিকে এভাবে অসম্মান করার ঘটনা দেশের মানুষ ভালোভাবে নেয়নি।
প্রসঙ্গত, গত সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর একদল প্রবাসী বাংলাদেশির বিক্ষোভের মুখে পড়েন ড. মুহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে থাকা অবস্থায় কয়েকজন ব্যক্তি তাঁকে উদ্দেশ করে উচ্চস্বরে স্লোগান দেন এবং বিভিন্ন অভিযোগ তোলেন।
ঘটনার পর সরকারের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ ধরনের আচরণকে অগ্রহণযোগ্য উল্লেখ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান। যদিও আওয়ামী লীগের একজন সাবেক নেতা ঘটনায় দলীয় সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও অনুষ্ঠানে কথা বলেন রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারকে অস্থিতিশীল করতে একটি মহল দেশে ও বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তিনি দাবি করেন, বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একটি অংশ বিদেশে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে। বিশেষ করে ভারত থেকে বিভিন্নভাবে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের আশ্রয় নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও এসব অপচেষ্টার অংশ বলে তিনি অভিযোগ করেন।
তবে সরকার এসব কর্মকাণ্ড সম্পর্কে সচেতন রয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
দেশের জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গেও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের আমদানি করা জ্বালানির একটি বড় অংশ হরমুজ প্রণালি হয়ে আসায় এর প্রভাব দেশের ওপরও পড়েছে।
ফলে জ্বালানি তেল ও বিদ্যুৎ সরবরাহে সাময়িক সংকট তৈরি হয়েছে। তবে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়ায় পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে বলে দাবি করেন রিজভী।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার লকাই বিশ্বাসের পরিবারের জন্য নির্মিত নতুন বাড়ির চাবি হস্তান্তর করেন রুহুল কবির রিজভী।
‘আমরা বিএনপি পরিবার’-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে অসহায় ব্যক্তিদের চিকিৎসাসহায়তা দেওয়া হয়। পাশাপাশি নারীদের স্বাবলম্বী করে তুলতে কর্মসংস্থানের অংশ হিসেবে সেলাই মেশিন বিতরণ করা হয়।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেছ আলী, সদস্যসচিব এ কে কিবরিয়া, ভাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক খন্দকার সেলিম, কৃষক দলের নেতা খন্দকার নাসিরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রিজভী রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, দেশবিরোধী অপতৎপরতা মোকাবিলা এবং দেশের আন্তর্জাতিক মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
মন্তব্য করুন