দেলোয়ার হোসাইন : ঢাকা
ঢাকা-১৬ আসনের অসহায় ও দুস্থ পরিবারের পাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের নয়, সমাজের সবার দায়িত্ব।
শুক্রবার (২ অক্টোবর) সকালে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে নিজের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা-১৬ আসনের আওতাধীন অসহায় পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, দেশের বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সরকারের উদ্যোগে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজও ঢাকা-১৬ আসনের বেশ কয়েকটি অসহায় পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক দেওয়া হচ্ছে। এর আগে বিভিন্ন সময়ও এ ধরনের সহায়তা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আপনারা সুশৃঙ্খলভাবে এই সহায়তা গ্রহণ করবেন। আমি আশা করি, আপনাদের জন্য এই সহযোগিতা অব্যাহত থাকবে। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।’
অসহায় মানুষের পাশে সমাজের সামর্থ্যবান সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, ‘এই অসহায় মানুষগুলোর পাশে শুধু আমি নই, আমাদের সবারই দায়িত্ব রয়েছে। সেই সহযোগিতার ধারা সব সময় অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, আজকের আর্থিক সহায়তার পাশাপাশি ভবিষ্যতেও অসহায় মানুষের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন