এইচ এম মাহমুদ হাসান
‘একদিন তুমি সমাজ গড়েছো, আজ আমরা যত্নে তোমায় আগলে রাখবো’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সেক্টরে বসবাসরত প্রবীণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বেশ কিছু বিশেষ উদ্যোগের ঘোষণা দিয়েছে উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় উত্তরা সেক্টর-১২ সোসাইটি মিলনায়তনে সোসাইটির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোসাইটির সভাপতি শরীফ সান্টুর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. জসিম উদ্দিন।
সভাপতির বক্তব্যে শরীফ সান্টু বলেন, প্রবীণরা তাদের জীবনের দীর্ঘ সময় পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ব্যয় করেছেন। তাদের অভিজ্ঞতা ও অবদান নতুন প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ। তাই জীবনের এই পর্যায়ে তাদের সম্মান, নিরাপত্তা ও প্রয়োজনীয় যত্ন নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। প্রবীণদের একাকিত্ব দূর করে তাদের সামাজিকভাবে সক্রিয় রাখতেও সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, প্রবীণরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও জীবনবোধ পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত মূল্যবান। তাই শুধু একটি দিবসে নয়, সারা বছর প্রবীণদের পাশে থাকার প্রয়োজন রয়েছে। তাদের শারীরিক ও মানসিক সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত করতে সোসাইটির পক্ষ থেকে ‘প্রবীণ কেন্দ্র’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, সেক্টরে বসবাসরত শ্রদ্ধাভাজন প্রবীণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সোসাইটির কমিউনিটি হলে ‘প্রবীণ কেন্দ্র’ চালু করা হচ্ছে। প্রতি বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কেন্দ্রটি খোলা থাকবে।
প্রবীণ কেন্দ্রে সংবাদপত্র পড়া, কমিউনিটি লাইব্রেরিতে বই পড়া, বিনোদন, ইনডোর খেলাধুলা ও চা পানের ব্যবস্থা থাকবে। এর মাধ্যমে প্রবীণরা অবসর সময় আনন্দের সঙ্গে কাটানোর পাশাপাশি নিজেদের মধ্যে সামাজিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারবেন।
এ ছাড়া প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রবীণদের স্বাস্থ্য পরামর্শ সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন সেক্টরের প্রবীণ বাসিন্দারা।
আলোচনা সভায় সোসাইটির সিনিয়র সহ-সভাপতি একেএম নাসির উল্যাহ, সহ-সভাপতি মফিজ উদ্দীন সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন বক্তব্য দেন।
এ সময় নিরাপত্তা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক খালেদুর রহমান, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কবিরুজ্জামানসহ সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার প্রবীণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রবীণদের প্রতি সম্মান ও যত্ন শুধু পারিবারিক দায়িত্ব নয়, এটি সামাজিক দায়িত্বও। জীবনের দীর্ঘ সময় পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখা প্রবীণদের শেষ জীবন যেন আনন্দ, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে কাটে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানের শুরুতে প্রবীণ নাগরিকদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন সোসাইটির নেতৃবৃন্দ। পরে কেক কেটে বিশ্ব প্রবীণ দিবস উদযাপন করা হয় এবং উপস্থিত প্রবীণদের মধ্যে নাস্তা বিতরণ করা হয়।
মন্তব্য করুন