স্পোর্টস ডেস্ক, লিড নিউজ ২৪:
দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ঘোষিত এই সূচি অনুযায়ী, আগামী ৮ অক্টোবর শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।
টাইগারদের কঠিন গ্রুপ:
বিশ্বকাপের ‘গ্রুপ বি’-তে জায়গা পেয়েছে বাংলাদেশ। যেখানে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। এছাড়া বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলও যুক্ত হবে এই গ্রুপে।
এক নজরে বাংলাদেশের ফিকচার:
* ৮ অক্টোবর: প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড।
* ১২ অক্টোবর: দ্বিতীয় ম্যাচে টাইগাররা মাঠে নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে।
* ১৬ অক্টোবর: তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ লঙ্কানরা।
* ১৯ অক্টোবর: চতুর্থ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
* ২৩ অক্টোবর: শেষ ম্যাচে সুপার সিরিজে খেলে আসা দলের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
গ্রুপ ‘এ’-তে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান:
অন্যদিকে ‘গ্রুপ এ’-তে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই গ্রুপে তাদের সঙ্গে আরও আছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আফগানিস্তান, স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। ৭ অক্টোবর কেপটাউনে গত বিশ্বকাপের ফাইনাল খেলা দুই দল ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের গ্রুপপর্ব। এর আগে ২ অক্টোবর থেকে শুরু হবে সুপার সিরিজের খেলা।
বিশ্বকাপে অংশ নিচ্ছে যারা:
এবারের আসরে মোট ১৪টি দল অংশ নিচ্ছে। আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছে। আর ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর র্যাঙ্কিং অনুসারে জায়গা নিশ্চিত করেছে শীর্ষ ৮টি দল। বাকি চারটি দল নির্ধারিত হবে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে। বাছাইপর্বের শীর্ষ দল সরাসরি গ্রুপ পর্বে খেলবে এবং অন্য তিনটি দল গ্রুপ পর্বের একটি জায়গার জন্য সুপার সিরিজে লড়বে।
সুপার সেভেনের নতুন সমীকরণ:
দুই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দল সরাসরি ‘সুপার সেভেন’ পর্বে উঠবে। সুযোগ থাকছে চতুর্থ দলেরও; দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলগুলোর মধ্যে যে দল বেশি পয়েন্ট পাবে, তারা সপ্তম দল হিসেবে সুপার সেভেনে জায়গা করে নেবে।
গ্রুপ পর্ব থেকে উঠে আসা ৭টি দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার সেভেন পর্ব। তবে গ্রুপ পর্বের কোনো পয়েন্ট এই পর্বে যুক্ত হবে না। ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত প্রতিটি দল আরও ছয়টি করে ম্যাচ খেলবে। দর্শক ও দলগুলোর সুবিধার্থে সুপার সেভেনের কয়েকটি অবস্থান (যেমন- ভারত এ১, অস্ট্রেলিয়া এ২, পাকিস্তান এ৩, ইংল্যান্ড এবি৪, নিউজিল্যান্ড বি১, দক্ষিণ আফ্রিকা বি২, শ্রীলঙ্কা বি৩) আগেই নির্ধারণ করে রাখা হয়েছে। যদি আগে থেকে নির্ধারিত কোনো দল সুপার সেভেনে উঠতে ব্যর্থ হয়, তবে তাদের জায়গায় উঠে আসা নতুন দলটি সেই নির্ধারিত অবস্থানটি পাবে।
সেমিফাইনাল ও ফাইনালের দিনক্ষণ:
সুপার সেভেন পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে।
* শীর্ষ দল খেলবে চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে, আর দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল মুখোমুখি হবে অন্য সেমিফাইনালে।
* প্রথম সেমিফাইনাল হবে ১৭ নভেম্বর কেপটাউনে এবং দ্বিতীয় সেমিফাইনাল ১৮ নভেম্বর তশোয়ানেতে।
* মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর জোহানেসবার্গে।
* দুই সেমিফাইনাল ও ফাইনালের জন্যই রিজার্ভ ডে রাখা হয়েছে।
মোট ১২টি ভেন্যুতে এবারের বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এর মধ্যে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে সুপার সিরিজের তিনটি ও গ্রুপ পর্বের তিনটি ম্যাচ হবে। জিম্বাবুয়ের তিনটি ও দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যুতে হবে বাকি ম্যাচগুলো।
মন্তব্য করুন