
দুই গোলে পিছিয়ে পড়েও ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। রোববারের এই জয়ে লা লিগার শীর্ষে নিজেদের তিন পয়েন্টের ব্যবধান আবারও ফিরিয়ে এনেছে কাতালান জায়ান্টরা।
শনিবার সেল্টা ভিগোকে হারিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্টে সমতা এনেছিল হোসে মরিনিওর রিয়াল মাদ্রিদ। তবে ভিয়ারিয়ালকে হারিয়ে আবারও এককভাবে শীর্ষস্থান দখল করেছে কাতালান ক্লাবটি।
রোববার অ্যাওয়ে ম্যাচে গেতাফেকে ৩-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আগের ম্যাচে বার্সেলোনার কাছে হারের পর স্পেনের শীর্ষ দুই দলের পিছু ছাড়েনি দিয়েগো সিমিওনের দল।
ক্যাম্প ন্যুতে তাজন বুকানন ও তানি ওলুয়াসেয়ির সাত মিনিটের ব্যবধানে করা দুই গোলে শক্ত অবস্থানে চলে যায় ভিয়ারিয়াল। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন বার্সেলোনা উইঙ্গার লামিন ইয়ামাল।
তবে দ্বিতীয়ার্ধে মাত্র ১১ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে জয় নিশ্চিত করে কাতালান জায়ান্টরা।
জেরার্ড মার্টিন ও ফারমিন লোপেজের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। এরপর পাও নাভারোর আত্মঘাতী গোলে তিন পয়েন্ট নিশ্চিত হয় তাদের।
অক্টোবরে রিয়াল মাদ্রিদের কাছে এল ক্লাসিকোয় হারের পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ জিতল বার্সেলোনা।
ম্যাচ শেষে মিডফিল্ডার পেদ্রি বলেন, ‘ম্যাচের শুরুটা খারাপ হওয়ায় আমাদের ভুগতে হয়েছে। খুব দ্রুত দুটি গোল হজম করেছি। তবে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটি মনে রাখব। একই ঘটনা যেন আবার না ঘটে, তা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে।’
বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকও দলের প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন। তাঁর অধীনে এমন ঘুরে দাঁড়ানোর ঘটনা এবারই প্রথম নয়।
সাংবাদিকদের ফ্লিক বলেন, ‘আমরা দুটি ভুল করেছি এবং তারা দুবার গোল করেছে। কিন্তু এরপর আমাদের প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্য।’
রোববার দুপুওে স্বাগতিকদের শুরুটা ছিল বেশ মন্থর। পঞ্চম মিনিটেই ভিয়ারিয়ালকে এগিয়ে দেন বুকানন। ফারমিন লোপেজের একটি অসতর্ক পাস থেকে বল হারায় বার্সেলোনা। কানাডার এই ফরোয়ার্ড দূর থেকে দারুণ শটে বল জালে পাঠান।
এর দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ভিয়ারিয়াল। হুয়ান গার্সিয়ার মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে গোল করেন ওলুয়াসেয়ি।
ওলুয়াসেয়ির ফাউলে পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু গোল করার সুযোগ কাজে লাগাতে পারেননি ইয়ামাল। তাঁর নেওয়া শট পোস্টে লেগে বাইরে চলে যায়।
বিরতির পর দ্রুত ম্যাচে ফিরে আসে বার্সেলোনা। পেদ্রির ক্রস থেকে ৫৭তম মিনিটে হেডে গোল করেন মার্টিন।
চার মিনিট পর ইয়ামালের পাস থেকে জোরালো শটে সমতা ফেরান লোপেজ। এরপর দ্রুতই আসে বার্সেলোনার তৃতীয় গোল। ইয়ামালের দারুন ব্যাকহিল পাস থেকে বল পান এরিক গার্সিয়া। তাঁর ক্রস নাভারোর গায়ে লেগে নিজেদের জালে প্রবেশ করে।
বদলি হিসেবে নামা অ্যান্থনি গর্ডনের শট ঠেকিয়ে দেন পিটার গুলাচি। পরে সান্তি কোমেসানার সঙ্গে সংঘর্ষের পর পেনাল্টির আবেদন করেন গর্ডন।
মাঠ থেকে তুলে নেওয়ার পর অসদাচরণের দায়ে লোপেজকে লাল কার্ড দেখানো হয়। এ সময় সাইডলাইনে দাঁড়িয়ে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন বার্সেলোনার খেলোয়াড়রা।
স্পেনের রেফারিং নিয়ে সাধারণভাবে সন্তুষ্ট হলেও আলেহান্দ্রো হার্নান্দেজের প্রতি নিজের অসন্তোষ প্রকাশ করেন ফ্লিক।
তিনি বলেন, ‘আমরা দেখেছি কোন রেফারি দায়িত্বে আছেন, তাই আমরা এমনটাই প্রত্যাশা করেছিলাম। রেফারিদের নিয়ে আমি সত্যিই খুশি, কিন্তু এই রেফারিকে নিয়ে নই।’
যোগ করা সময়ের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাভারো। ১০ম স্থানে থাকা ভিয়ারিয়াল হতাশা নিয়েই মাঠ ছাড়ে।
অন্যদিকে, মাদ্রিদ ডার্বিতে গেতাফের বিপক্ষে সহজ জয় পেয়েছে অ্যাথলেটিকো। প্রথমার্ধে অ্যালেক্স বায়েনা ও জনি কারদোসোর গোলে তিন পয়েন্টের পথে এগিয়ে যায় রোজিকব্ল্যাঙ্কোরা।
পরে আলেকজান্ডার সরলথকে নিজেদের বক্সে ফাউল করায় গেতাফের ডিজেনে ডাকোনাম লাল কার্ড দেখেন। পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন আলেহান্দ্রো গ্রিমালদো।
এই জয়ের মধ্য দিয়ে লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা কোচের রেকর্ড গড়েছেন দিয়েগো সিমিওনে। অ্যাথলেটিকোর সাবেক কোচ লুইস আরাগোনেসকে ছাড়িয়ে তাঁর জয়ের সংখ্যা এখন ৩৪৫।
২০১১ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর অ্যাথলেটিকোকে লিগে ৫৬৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সিমিওনে।
বছরের পর বছর ধরে তাঁর রক্ষণাত্মক ফুটবল খেলার সমালোচকদেরও জবাব দিয়েছেন সিমিওনে।
আর্জেন্টাইন কোচ বলেন, ‘শুধু রক্ষণাত্মক কৌশলে খেলে ৩৪৫টি ম্যাচ জেতা যায় না।’
দিনের অন্য ম্যাচে মালাগাকে ১-০ গোলে হারিয়েছে ওসাসুনা। আর উত্তেজনাপূর্ণ ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৩-২ গোলে হারিয়েছে রেসিং সান্তান্দার।
মন্তব্য করুন