নগরীর যানজট নিরসন, পে-পার্কিং ব্যবস্থা চালু এবং পরিবহন খাতের বিদ্যমান সমস্যা সমাধানে পরিবহন শ্রমিকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, নগরীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিবন্ধনহীন যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। একই সঙ্গে পরিবহন শ্রমিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যাত্রী ও চালকদের যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে সচেতন করতে হবে।
আজ বিকেলে চসিক মিলনায়তনে চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নগরীর যানজট নিরসন, পে-পার্কিং ও পরিবহন সেক্টরের বিভিন্ন সমস্যা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চসিক প্রশাসক বলেন, পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা আমরা শুনেছি। এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পার্কিংয়ের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নগরীর কোথায় কোথায় জায়গা খালি রয়েছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিবহন শ্রমিকদের অন্যান্য সমস্যার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
নগর পরিচ্ছন্নতা রক্ষায় পরিবহন শ্রমিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, গাড়ির চালকদের যাত্রীদের সচেতন করতে হবে, যাতে কেউ চলন্ত গাড়ি থেকে ময়লা-আবর্জনা বাইরে না ফেলেন। প্রতিটি গাড়িতে ময়লা রাখার ব্যবস্থা করে নির্দিষ্ট ডাস্টবিনে তা ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।
যানজট নিরসনে পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, নগরীর গুরুত্বপূর্ণ প্রায় ২২ থেকে ২৮টি পয়েন্টে আধুনিক এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে যানজট নিরসনের পাশাপাশি সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখবে।
চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজি মো. আবু ফয়েজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক শহিদুল ইসলাম ও মো. তোফাজ্জল হোসেন।
সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আমির হোসেন।
মন্তব্য করুন