মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন ব্যাপক জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ। এ জন্য শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের মধ্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আজ সোমবার বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আহম্মদ সোহেল মনজুর বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের চাপ, ব্যক্তিগত অনুরোধ কিংবা রাজনৈতিক তদবিরের কাছে নতি স্বীকার করা যাবে না। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।
তিনি বলেন, কোনো ব্যক্তি বা মহলের অনুরোধে কাউকে ছাড় দেওয়া যাবে না। দায়িত্ব পালনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। এটি শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, একজন সুনাগরিক হিসেবে সবার নৈতিক দায়িত্ব।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের শনাক্ত করতে প্রযুক্তিনির্ভর নজরদারির বিকল্প নেই। বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা থাকলেও সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় নজরদারি ক্যামেরা স্থাপনে আরও উদ্যোগ নিতে হবে।
বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বউক) চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউদ্দিন শিকদার, ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ প্রমুখ বক্তব্য রাখেন।
মন্তব্য করুন