সাধন সাহা জয়:
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘মাদককে না বলুন’ শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে শিশু-কিশোরদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, মাদকবিরোধী আলোচনা সভা এবং প্রজেক্টরের মাধ্যমে মাদকবিরোধী নাটিকা প্রদর্শন করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নবীনগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাঝিকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের নবীনগর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এতে মাঝিকাড়া নিরাপদ গ্রাম বাস্তবায়ন কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিক, সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় শিশু-কিশোররা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মাদক, ইন্টারনেট আসক্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং শিক্ষা, খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে তাদের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাঝিকাড়া নিরাপদ গ্রাম বাস্তবায়ন কমিটির সদস্য ও নবীনগর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন নবীনগর প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মো. সাফিউল আলম এবং বসুন্ধরা শুভসংঘ নবীনগর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষক মো. মনিরুল ইসলাম কালন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ নবীনগর উপজেলা শাখার সহসভাপতি ও শিক্ষক বাবুল আহমেদ সরকার। সঞ্চালনা করেন দৈনিক কালের কণ্ঠের নবীনগর প্রতিনিধি এবং সংগঠনটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মাজেদুল ইসলাম।
বক্তারা বলেন, শিশু-কিশোরদের সুস্থ বিনোদন, মানসিক বিকাশ ও প্রতিভা বিকাশে কাউন্সেলিংয়ের পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের মধ্যে সততা, শৃঙ্খলাবোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করে। একই সঙ্গে তাদের মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ভূমিকা রাখে।
সভাপতির বক্তব্যে বাবুল আহমেদ সরকার বলেন, শিশু-কিশোরদের মেধা বিকাশে সহায়তা, মাদক প্রতিরোধ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।
প্রধান অতিথি মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, প্রযুক্তিনির্ভর জীবনের কারণে অনেক শিশু-কিশোর পড়াশোনা ও বই পড়ার অভ্যাস থেকে দূরে সরে যাচ্ছে। তাদের বইমুখী করতে এবং সুস্থ জীবনধারায় অভ্যস্ত করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় মাঝিকাড়া নিরাপদ গ্রাম বাস্তবায়ন কমিটির সদস্য অলি আহাদ লিমন, মো. লালন মিয়া, ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন সোহাগ, হাবিবুর রহমান, মো. রাব্বি, মো. জুনায়েদ, মোশারফ হোসেন, জুবায়েরসহ সংগঠনের সদস্য ও স্থানীয় শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মাঝিকাড়া বায়তুল কারীম জামে মসজিদের খতিব মুফতি সাদেকুল ইসলাম সাঈদী মোনাজাত পরিচালনা করেন।
পরে উপস্থিত শিশু-কিশোরদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষা উপকরণ পেয়ে শিশুরা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
মন্তব্য করুন