ফরিদপুরের মধুখালীতে মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মধুখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ। আগামী দিনে মধুখালী উপজেলাকে সুসংগঠিত ও এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা এবং গঠনমূলক পরামর্শ চেয়েছেন তাঁরা।
১৪ নভেম্বর শনিবার বিকেল ৪টায় মধুখালী প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মধুখালী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক কাজী জহিরুল ইসলাম মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল হাসান মিঠু, যুগ্ম সদস্য সচিব এস এম ইমদাদুল হক, গাজনা ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. আবুল কালাম শেখ, জাতীয় যুবশক্তি মধুখালী উপজেলা শাখার আহ্বায়ক মো. সুজল মোল্লা।
মতবিনিময় সভায় এনসিপির নেতৃবৃন্দ বলেন, মধুখালী উপজেলাকে একটি সুসংগঠিত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে তাঁরা কাজ করতে চান। এ জন্য স্থানীয় সাংবাদিকদের অভিজ্ঞতা, পরামর্শ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম ও এলাকার উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক মতামত কামনা করেন তাঁরা।
এ সময় সাংবাদিকরা তাঁদের বক্তব্যে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা, পারস্পরিক সহযোগিতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মধুখালীর উন্নয়নে কাজ করার বিষয়ে মতামত দেন।
মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, সি.সহ-সভাপতি মো. মতিয়ার রহমান মিয়া, সহ-সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মো. মেহেদী হোসেন পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মুবিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালেহীন সোয়াদ শাম্মি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মানিক শিকদার, প্রচার সম্পাদক রাজিব হোসেন, সদস্য সালমান আহম্মেদ, বিপ্রোজিত, ইদ্রিস আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন