ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের স্বাস্থ্যসেবা ও রোগীদের ভোগান্তির চিত্র সরেজমিনে প্রত্যক্ষ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান।
আজ দুপুরে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া, সচিব মো. সাইদুর রহমান খান এবং বিশেষ অনুবিভাগ, গোয়েন্দা ও এনফোর্সমেন্ট ইউনিটের কর্মকর্তারা আকস্মিকভাবে হাসপাতালের জরুরি বিভাগ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা জরুরি বিভাগের সংশ্লিষ্ট কয়েকটি বিভাগ ঘুরে দেখেন এবং সেবাপ্রত্যাশী রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় রোগীরা হাসপাতালে দালালদের দৌরাত্ম্য, চিকিৎসকদের অনুপস্থিতি, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ না থাকা, অবহেলা ও বিভিন্ন ধরনের ভোগান্তির অভিযোগ তুলে ধরেন।
এসব অভিযোগের বিষয়ে দুদক চেয়ারম্যান, কমিশনার ও সচিব হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, আগামীতে সারাদেশের সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে জনসেবা নিশ্চিত করতে দুদকের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন