খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারির পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাজধানী শহরে ব্যাপক পুলিশ মোতায়েন এবং তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম জিও টিভি রোববার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ইসলামাবাদের বড় সব মোড়ে সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। অপরদিকে পুলিশের সকল এসপি, ডিএসপি এবং এসএইচরওর মতো উর্ধ্বর্তন কর্মকর্তাদের সরাসরি মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসলামাবাদের কোথাও যদি কোনো ধরনের ব্যানার প্রদর্শন করা হয় এবং ১৪৪ ধারা ভঙ্গ করে সাধারণ মানুষ জড়ো হয় তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।
এছাড়া আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যদের রাজধানীর গুরুত্বপূর্ণ ভবন ও অবকাঠামোতে মোতায়েন করা হয়েছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে গত প্রায় দুই সপ্তাহ ধরে আন্দোলন করছে তার দল পিটিআই। তাদের কর্মী সমর্থকরা খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অবস্থান করছে। এখানে পিটিআইয়ের শাসন ছিল। কিন্তু আজ সেখানে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার জরুরি অবস্থা জারি করেছে। রাজধানী ইসলামাবাদ খাইবার পাখতুনখাওয়ার পাশেই অবস্থিত।
পিটিআইয়ের সমর্থকরা লংমার্চ নিয়ে ইসলামাবাদে প্রবেশ করতে পারে এমন আশঙ্কা থেকে সেখানে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি করা হয়েছে।
খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির পর সেখানকার সদ্য সাবেক মুখ্যমন্ত্রী সোয়াইব আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। আর গভর্নরকে প্রধান করে ১১ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। যারা এখন প্রদেশটির দায়িত্বে থাকবেন।
মন্তব্য করুন