লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তৃণমূল পর্যায়ের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের স্পিকার ও লালমোহনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের এলাকায় এমন কর্মীসভাকে ঘিরে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
শনিবার (২৮ নভেম্বর) উপজেলার ৯ নম্বর লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় আব্বাস উদ্দিন সাইদের সঞ্চালনায় এবং মো. মিনহাজ উদ্দিন রাফসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমোহন উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আলাউদ্দিন ইলিয়াস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জুনায়েদ ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মাহবুব করিম প্রান্ত, সিনিয়র সহ-সভাপতি মো. সিহাব হাওলাদার, সহ-সভাপতি মো. হাসনাইন ও মো. লোকমান সাহারিয়ার, প্রচার সম্পাদক মো. ইয়াসির আরাফাত এবং দপ্তর সম্পাদক মো. আসিক।
সভায় বক্তারা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ ২২ বছর পর ইউনিয়ন পর্যায়ে এমন কর্মীসভা অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে সাংগঠনিক তৎপরতা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে সভায় সংশ্লিষ্টরা জানান।
মন্তব্য করুন