টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মদ পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। অভিযানের পর থেকে জহুরুল নামে অপর এক চালক পলাতক রয়েছেন বলে জানা গেছে।
শনিবার (২৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে রাশেদুজ্জামান রঞ্জু মন্ডলের বাড়ির সামনে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, নাগরপুর সদর উপজেলার ভাবনা গ্রামের রফিস উদ্দিনের ছেলে ও প্রাইভেটকারের মালিক শামীম আহমেদ, দিনাজপুরের শ্রীরীর বন্দর উপজেলার বেলতলী গ্রামের কালুমুদ্দিনের ছেলে গাড়িচালক নুর মোহাম্মদ ওরফে নুরু এবং ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নলুয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে শামীম আল মাসুম।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি সাদা প্রাইভেটকারে করে শামীম আল মাসুমকে রঞ্জু মন্ডলের বাড়ির সামনে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর থানা পুলিশের এসআই রুবেল ও এসআই চঞ্চলের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় প্রাইভেটকারসহ বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়। অভিযানের সময় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম উপস্থিত ছিলেন।
এদিকে আটক শামীম আল মাসুমের রাজনৈতিক পরিচয় নিয়েও এলাকায় আলোচনা চলছে। তিনি গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং মেলা কমিটির আমিনুল ইসলাম আরিফের শ্যালক। পাশাপাশি তিনি অলোয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও থানা যুবদলের সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় জহুরুল নামে অপর এক চালক পলাতক রয়েছেন বলে জানা গেছে।
তবে উদ্ধার করা বিদেশি মদের সুনির্দিষ্ট পরিমাণ, আনুমানিক বাজারমূল্য এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন