নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন স্থানে বিমান হামলায় নিহত ৩০

মিয়ানমারে শনিবার সামরিক বাহিনীর তিনটি বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন। আন্তর্জাতিক একটি আদালত দেশটির বিরুদ্ধে গণহত্যার দায়ে রায় দেওয়ার এক সপ্তাহের মধ্যেই নতুন করে এসব হামলা ও প্রাণহানির ঘটনা ঘটল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মোয়ে বাই জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীর ধারণ করা একটি ভিডিওতে রক্তাক্ত আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য সরিয়ে নিতে দেখা গেছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।

একই দিন পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের আরও দুটি স্থানে বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার মধ্য মিয়ানমারে আরেকটি বিমান হামলার ঘটনা ঘটে। দেশটির নির্বাসিত স্বঘোষিত ‘জাতীয় ঐক্য সরকার’ (এনইউজি) জানিয়েছে, ওই হামলায় ২৯ জন নিহত হয়েছে।

এসব হামলার মধ্য দিয়ে দেশটির চলমান গৃহযুদ্ধে প্রাণহানির সংখ্যা আরও বাড়ল। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির হিসাব অনুযায়ী, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে সংঘাতে ১ লাখের বেশি মানুষ নিহত হয়েছে।

মোয়ে বাইয়ের হামলা সম্পর্কে এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, সংঘাতের কারণে বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের অনুষ্ঠানে হামলার আগে তিনি আকাশে একটি উড়োজাহাজের শব্দ শুনতে পান।

মোয়ে বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও শহরের বাইরে শান ও কারেনি রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে। ওই এলাকায় বহু বাস্তুচ্যুত মানুষ বসবাস করেন।

ঘটনাস্থলে ছুটে যাওয়া ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি ১৭টি মরদেহ দেখতে পেয়েছি। অনেকে আহত হয়েছেন। এত মানুষকে আহত অবস্থায় দেখে আমি হতবাক হয়ে যাই। কাকে আগে উদ্ধার করব, বুঝতে পারছিলাম না।’

নাম প্রকাশ না করার শর্তে তিনি আরও বলেন, ‘আমার ভাগনিসহ কয়েকজন এখনো নিখোঁজ। আমি এখনো তাকে খুঁজে পাইনি।’

বাস্তুচ্যুত মানুষের শিবিরে সহায়তা দেওয়া সংস্থা ‘নুয়ে উ ইয়াউং চি ফাউন্ডেশন’-এর প্রধান ২১ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৪০ জনের বেশি।

তিনি জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর দ্বিতীয় দফায় বোমা ফেলা হয়। তবে নিজের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।

এএফপি জানায়, তিনটি হামলার বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আমার মা-বাবা কোথায়?

মোয়ে বাইয়ের ওই প্রত্যক্ষদর্শী এএফপিকে ছয়টি ভিডিও দিয়েছেন। এর একটিতে তাকে রক্তাক্ত ও কান্নারত একটি শিশুকে কোলে নিয়ে যেতে দেখা যায়।

শিশুটি তাকে জিজ্ঞাসা করছিল, ‘আমার মা-বাবা কোথায়? তাদের কি কিছু হয়েছে? তারা কোথায়? দয়া করে আমার মাকে ফোন করে দিন।’

জবাবে ওই ব্যক্তি বলেন, ‘চিন্তা করো না, আমি তোমার মাকে ফোন করব। তবে আগে চিকিৎসার জন্য ক্লিনিকে যাই।’

শিশুটি তখন বলে, ‘আমার মা-বাবার চিকিৎসার খরচ দেওয়ার মতো টাকাও নেই।’

শনিবার রাখাইন রাজ্যের ম্রাউক-উ শহরের একটি বাজারেও হামলা হয়। স্থানীয় একটি অন্ত্যেষ্টিক্রিয়া সেবাদানকারী সংস্থার প্রধান হ্লা মং উ জানান, ওই হামলায় নয়জন নিহত হয়েছেন।

এএফপির ধারণ করা ভিডিওতে দেখা গেছে, হামলার পর লোকজন ধ্বংসস্তূপের মধ্যে স্বজনদের খুঁজছেন। অন্য একটি স্থানে সারি করে রাখা মরদেহের পাশে স্বজনদের কান্নাকাটি করতে দেখা যায়।

বাস্তুচ্যুত ৬২ বছর বয়সী হ্লা থান অং জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে তিনি তার ১৭ বছর বয়সী মেয়েকে উদ্ধার করেন। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই মেয়েটির মৃত্যু হয়।

তিনি বলেন, ‘মেয়েকে কোলে নিয়ে যখন দৌড়াচ্ছিলাম, তখন আমার মাথায় একটাই চিন্তা ছিল—যেভাবেই হোক তার জীবন বাঁচাতে হবে। এখন সে আর নেই। আমি বেঁচে আছি, কিন্তু এই বেঁচে থাকার কোনো অর্থ নেই।’

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাতে একই এলাকায় দ্বিতীয় দফায় বিমান হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে কয়েকজনের মৃত্যুর চিত্র দেখা গেলেও সেগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

স্কুলেও বিমান হামলা

শনিবারের হামলাগুলোর আগে গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) একটি গুরুত্বপূর্ণ রায় দেন। রায়ে বলা হয়, মিয়ানমার গৃহযুদ্ধ শুরুর আগেই গণহত্যার ঘটনা ঘটিয়েছে।

২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় দেশটির সামরিক বাহিনী প্রধানত মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের পরিকল্পিতভাবে হত্যা, ধর্ষণ এবং তাদের সম্পত্তি ধ্বংস করে।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া মিয়ানমারের নেতা মিন অং হ্লাইং এ বছর ব্যাপক সমালোচিত নির্বাচনের পর বেসামরিক প্রেসিডেন্টের দায়িত্ব নেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আদালতের রায়ের ‘অনুপযুক্ত’ অংশগুলো মেনে চলবে না তার সরকার।

এদিকে, নির্বাসিত জাতীয় ঐক্য সরকার (এনইউজি) জানিয়েছে, বৃহস্পতিবার রাখাইন রাজ্যের পূর্বে মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলের একটি স্কুল ও বৌদ্ধ মঠে বোমা, গোলা ও ড্রোন হামলায় ২৯ জন নিহত হন। নিহতদের মধ্যে ২০ জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বাকি নয়জন সামরিক জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সদস্য।

এনইউজির বিবৃতিতে বলা হয়, পিডিএফ সদস্যরা বেসামরিক জনগণকে সুরক্ষা দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন।

তবে সামরিক বাহিনীর সমর্থক একটি টেলিগ্রাম চ্যানেলে শুক্রবার দাবি করা হয়, প্রশিক্ষণ শেষে পিডিএফ সদস্যরা একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন—এমন তথ্য পাওয়ার পর ওই হামলা চালানো হয়।

স্কুলটির এক শিক্ষক এএফপিকে জানান, উড়োজাহাজের শব্দ শুনে সন্তানদের নিতে অভিভাবকেরা স্কুলে জড়ো হয়েছিলেন। ঠিক সেই জায়গাতেই বোমাটি এসে পড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ

১

শেখ হাসিনা কোনদিন দেশে আসতে পারবে না : ডাঃ জাহেদ উর রহমান

২

স্পিকার হাফিজের এলাকায় ২২ বছর পর ছাত্রদলের তৃণমূল কর্মীসভা

৩

শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রিন্সিপালের অপসারনের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ প্রত্যাহার

৪

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

৫

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল

৬

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তা বাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী

৭

প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগির প্রস্তাবের পর আজ বৈঠকে বসছেন আইজেনকোট ও নেতানিয়াহু

৮

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন স্থানে বিমান হামলায় নিহত ৩০

৯

কোস্টারিকায় প্রবেশে বাধার পর মেক্সিকোয় পৌঁছালেন জাতিসংঘের বিশেষ দূত

১০

ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা

১১

টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী

১২

ভূঞাপুরে বিদেশি মদের বড় চালান উদ্ধার, প্রাইভেটকারসহ আটক ৩

১৩

নওগাঁর জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

১৪

রসায়ন অলিম্পিয়াডে সেরা চার শিক্ষার্থী, আন্তর্জাতিক আসরে যাচ্ছে তাইওয়ানে

১৫

মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

১৬

এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে ক্যারিয়ার গড়তে রাজধানীতে ক্যারিয়ার সামিট

১৭

মধুখালীতে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৮

লালমোহনে নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

১৯

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি

২০