বিশেষ প্রতিনিধি: রশিদুল হক জীবন।
নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ২টা ৩০ মিনিটের দিকে নওগাঁ সদর থানাধীন বক্তারপুর ইউনিয়নের নওগাঁ-বদলগাছী সড়কের দারোগার ইটভাটা কাউয়াতলী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় নওগাঁ জেলা পুলিশের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তবে অভিযানের সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নওগাঁ সদর উপজেলার আনন্দনগর এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মো. মাসুদ (৩৫), উকিলপাড়া এলাকার মো. ভুট্টু কসাইয়ের ছেলে মো. হাসান (৩২) এবং আনন্দনগর এলাকার মৃত সামাদ দেওয়ানের ছেলে মো. সজীব দেওয়ান (২৮)।
অভিযানকালে তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা চাইনিজ কুড়াল, রশি, হাসুয়া, বাস ও লোহার পাইপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। তাঁরা চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। এ ছাড়া বৈদ্যুতিক লাইন, মিটার ও তার কাটার কাজে তাঁদের দক্ষতা রয়েছে বলেও জানায় পুলিশ।
এদিকে, অভিযানের সময় পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পলাতক ও অজ্ঞাতনামা সহযোগীদের নাম-ঠিকানা সংগ্রহের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেলায় চুরি, ডাকাতিসহ অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্তব্য করুন