নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সফররত কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাইয়ের সম্মানে রাজধানীর উত্তরা ক্লাবে নৈশভোজের আয়োজন করা হয়েছে।
গতকাল সোমবার এক্সপো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সৌজন্যে এবং প্রতিষ্ঠানটির পরিচালক সানজিদ শাহনূরের আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ও কানাডার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।
আয়োজকদের প্রত্যাশা, কানাডার প্রতিমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্যিক যোগাযোগ এবং পারস্পরিক অংশীদারত্বের নতুন সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রতিমন্ত্রী রণদীপ সারাইকে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য উপহার দেওয়া হয়। দেশের সুপরিচিত ব্র্যান্ড আড়ংয়ের তৈরি দেশীয় ঐতিহ্যবাহী পণ্য উপহারের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়।
এর আগে সফরের অংশ হিসেবে সকালে কানাডার প্রতিমন্ত্রী রণদীপ সারাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ সফর বাংলাদেশ ও কানাডার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
মন্তব্য করুন