জেলা নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী পাঁচ ধাপে ৬৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মুন্সীগঞ্জ জেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৩,৩৯,৩২৯ জন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি ১ম ধাপে সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার সংখ্যা ২,৫৫,০৬৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১,৩৩,৯৩০ ও মহিলা ১,২১,১৩৫ এবং তৃতীয় লিঙ্গের ১ জন।
দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি গজারিয়ার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার ১,৫৫,০০৭ জন। এরমধ্যে পুরুষ ৭৯,৬৭৫ জন এবং মহিলা ৭৫,৩৩২ জন।
তৃতীয় ধাপে ২৯ এপ্রিল টঙ্গিবাড়ীর ১২টি এবং লৌহজংয়ের ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। টঙ্গিবাড়ীতে মোট ভোটার ২,০৩,০১৭ জন। এরমধ্যে পুরুষ ১,০৫,১৯৩ এবং মহিলা ৯৭,৮২৪ জন। লৌহজংয়ে মোট ভোটার ১,৭৭,৮২১ জন এরমধ্যে পুরুষ ৯১,০২৬ এবং মহিলা ৮৬,৭৯৫ জন।
চতুর্থ ধাপে ১৩ মে শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। শ্রীনগরে মোট ভোটার সংখ্যা ২,৭২,৭৬৩ জন। এরমধ্যে পুরুষ ১,৪০,২৫৪ জন ও মহিলা ১,৩২,৫০৮ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন।
৫ম ধাপে ২৭ মে সিরাজদিখানের ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সিরাজদিখানে মোট ভোটার সংখ্যা ২,৭৫,৬৫৫ জন। এরমধ্যে পুরুষ ১,৪২,৩১৯ এবং মহিলা ১,৩৩,৩৩৬ জন।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন বাসস’কে জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নের ভোট কেন্দ্রের তালিকা তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
মন্তব্য করুন