নিজস্ব প্রতিবেদক,নয়ন রায়
ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ১ হাজার ৪৩১ বোতল অবৈধ মাদকদ্রব্য স্কাফসহ তানজিল আকন ওরফে ইমরান (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্প। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের বগা গ্রামে যাদবপুর-মহেশপুর সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সড়কে চেকপোস্ট স্থাপন করে।
এ সময় সিলভার রঙের একটি প্রাইভেটকার তল্লাশি করে ১ হাজার ৪৩১ বোতল স্কাফ উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা তানজিল আকনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তানজিল আকন বরগুনা জেলার তালতলী থানার শারিকখালী গ্রামের মো. রহিমের ছেলে।
অভিযানকালে উদ্ধার করা মাদকদ্রব্য ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা আলামতসহ মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এসআরবি ফোর্সেসের অভিযান অব্যাহত রয়েছে।
নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা-ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন