বাগেরহাটের মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার প্রায় তিন দিন পর শুক্রবার (২০ নভেম্বর) রাতে তাঁকে আটক করা হয়।
আটক রাকিব খান মোংলা উপজেলার জয়মনি সাইলো এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত নজরুল ইসলাম খান এবং মায়ের নাম রোকসানা বেগম।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মোংলার শিকারির মোড় এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের ওই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়। ঘটনার পর ব্যাংক ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ৮টার দিকে জয়মনি সাইলো এলাকার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান রাকিবকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কোন ধারায় মামলা দায়ের করা হচ্ছে কিংবা আটক যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি তিনি।
মন্তব্য করুন