নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি এলিয়ন প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটে যাত্রাবাড়ীর জনপদ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খিদিরপুর গ্রামের মৃত অলিউল্লাহ হকের ছেলে মো. ইসমাইল হোসেন (৪২) এবং একই গ্রামের মো. আব্দুর রউফ পাটোয়ারীর ছেলে মো. কাওছার পাটোয়ারী (৪১)। ইসমাইল হোসেন বর্তমানে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার দামপাড়া এলাকায় বসবাস করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয় সূত্রে জানা গেছে, ওই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে প্রাইভেটকারযোগে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লার নির্দেশনা ও উপপরিচালক মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে কোতোয়ালি সার্কেল পরিদর্শক মো. লোকমান হোসেনের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার রাত ৯টায় যাত্রাবাড়ীর জনপদ মোড় এলাকায় অবস্থান নেয়।
রাত ৯টা ১০ মিনিটের দিকে সন্দেহভাজন এলিয়ন প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-২৯-০৬৯৩) জনপদ মোড়ে পৌঁছালে অভিযানিক দল গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ড্যাশবোর্ডের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে চালকের আসনে থাকা ইসমাইল হোসেন ও পাশের আসনে থাকা কাওছার পাটোয়ারীকে আটক এবং গাড়ি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় শুক্রবার (২০ নভেম্বর) যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা (মামলা নং-৭৮) দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন।
মন্তব্য করুন