মাত্র তিন মাস আগে বিয়ে করেছেন জুয়েল। সংসারে নতুন বউ সীমা বেগম। এরই মধ্যে পাশের বাড়ির এক তরুণী রুপাকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে জুয়েলের বিরুদ্ধে। পরে দুজন ফিরে আসেন জুয়েলের বাড়িতে। সেখানে রুপার দাবি, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের স্বীকৃতি দিতে জুয়েলকে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করতে হবে। অন্যথায় আত্মহত্যার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য।
ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকার ছাড়পাওয়ালা বাড়ির ২০ বছর বয়সী জুয়েলকে ঘিরে ঘটেছে এ ঘটনা।
জুয়েলের দাবি, রুপার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এ সম্পর্কের কথা তিনি আগেই পরিবারের কাছে জানিয়েছিলেন। তবে পরিবারের জোরাজুরিতে বিয়ে করতে হয়েছে তাকে। এখন তিনি রুপাকে বিয়ে করতে চান।
অন্যদিকে, জুয়েলের সদ্যবিবাহিত স্ত্রী সীমা বেগমের অভিযোগ, তাকে দুইবার দেখার পর বিয়ে করেছেন জুয়েল। বিয়ের মাত্র তিন মাসের মাথায় এমন ঘটনা মেনে নিতে পারছেন না তিনি। এ ঘটনায় জুয়েলের বিরুদ্ধে মামলা করার কথাও জানিয়েছেন সীমা।
তবে জুয়েলের মায়ের দাবি, ছেলে কখনোই তার পছন্দের কোনো মেয়ের কথা পরিবারকে জানায়নি। এখন যে দাবি করছে, তা মিথ্যা বলেও অভিযোগ করেন তিনি।
একদিকে তিন মাসের নববধূর সংসার, অন্যদিকে পুরোনো প্রেমের সম্পর্কের দাবিতে নতুন বিয়ের আকাঙ্ক্ষা—সব মিলিয়ে ঘটনাটি নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা।
মন্তব্য করুন