ইউক্রেনের সেনা ইয়েভগেনকে টানা দুই দিন যুদ্ধের সম্মুখসারিতে আটকে থাকতে হয়েছিল। একটি স্থলমাইন বিস্ফোরণে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। একপর্যায়ে তিনি বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। ঠিক তখনই এক সহযোদ্ধা তাকে জানান, আকাশপথে একটি ড্রোন এসে তাকে উদ্ধার করবে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এএফপিকে ইয়েভগেন বলেন, ‘আমি বলেছিলাম, তুমি মজা করছ না তো? আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসব বলছ?’
এখন হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হয়ে উঠছেন ইয়েভগেন। নিরাপত্তার কারণে এএফপি তার পুরো নাম প্রকাশ করেনি। আকাশপথে চিকিৎসা ও উদ্ধারের কাজে ব্যবহৃত ড্রোনের মাধ্যমে উদ্ধার হওয়া ইউক্রেনীয় সেনাদের মধ্যে তিনি প্রথম দিকের একজন।
রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রায় পাঁচ বছর পেরিয়ে গেছে। এই সময়ে ড্রোন আধুনিক যুদ্ধের ধরনই বদলে দিয়েছে।
যুদ্ধক্ষেত্রের আকাশ এখন ড্রোনের নিয়ন্ত্রণে। সম্মুখসারির কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তৈরি হয়েছে এক ভয়ংকর পরিস্থিতি, যাকে বলা হচ্ছে ‘কিল জোন’ বা মৃত্যুফাঁদ। এই এলাকায় সামান্য নড়াচড়া চোখে পড়লেই উভয় পক্ষ বিস্ফোরকভর্তি ড্রোন পাঠিয়ে হামলা চালাতে পারে।
এ কারণে এই বিপজ্জনক এলাকায় আটকে পড়া আহত সেনাদের স্থলপথে উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এমনকি যুদ্ধক্ষেত্রে থাকা চিকিৎসাকর্মীদের পক্ষেও তাদের কাছে পৌঁছানো কঠিন।
এই পরিস্থিতিতে ইউক্রেনের ড্রোন নির্মাতারা আহত সেনাদের উদ্ধারের জন্য বিশেষ উড়ন্ত ড্রোন তৈরি করছেন।
ইয়েভগেনের জীবন বাঁচানো ড্রোনটির নাম ‘স্টারগেট’। এটি তৈরি করেছে ইউক্রেনের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান স্কাইফল। এখন পর্যন্ত ড্রোনটি দিয়ে তিনটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে।
ইয়েভগেন বলেন, ‘সন্ধ্যার দিকে কোম্পানি কমান্ডার আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন, তুমি কি উড়তে প্রস্তুত?’
ড্রোনের ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, গভীর রাতে ইয়েভগেন একটি বিশেষ কেবিনে উঠে শুয়ে পড়ছেন। এটি দেখতে উড়ন্ত স্ট্রেচারের মতো, পরে ঢাকনা দিয়ে সেটি বন্ধ করে দেওয়া হয়। এ সময় তিনি বুকের সঙ্গে একটি বন্দুক জড়িয়ে ধরে ছিলেন।
তাকে নিয়ে ড্রোনটি যখন ঘাঁটির দিকে ফিরছিল, তখন আশপাশে আকাশে উড়ছিল রসদ সরবরাহ ও নজরদারির ড্রোন। রাতের আকাশে চাঁদের আলোয় সেগুলোর ছায়া দেখা যাচ্ছিল।
ভয় লাগলেও ইয়েভগেনের সামনে আর কোনো বিকল্প ছিল না। তিনি বলেন, ‘এ ছাড়া আমার আর কোনো উপায় ছিল না।’
কার্বন ফাইবার দিয়ে তৈরি এসব ড্রোন একটি গোপন হ্যাঙ্গারে সংযোজন করা হয়। জায়গাটি দেখতে অনেকটা গবেষণাগারের মতো।
ইউক্রেনের কোড ৯.২ অ্যাসল্ট ব্রিগেডের এক কমান্ডারের অনুরোধ থেকেই আহত সেনাদের উদ্ধারে ড্রোন তৈরির ধারণা আসে।
নাম প্রকাশ না করার শর্তে স্কাইফলের এক প্রতিনিধি এএফপিকে বলেন, ‘এক বছর পরই আমরা স্টারগেট তৈরি করতে সক্ষম হই।’
তিনি জানান, নতুন কোনো প্রযুক্তিগত আবিষ্কারের চেয়ে যুদ্ধক্ষেত্রের বাস্তব প্রয়োজন থেকেই এই ড্রোন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল।
এর আগে ইউক্রেন বিপজ্জনক অবস্থানে আটকে পড়া আহত সেনাদের উদ্ধারে স্থলপথে চলাচলকারী ড্রোন ব্যবহার করত। তবে এসব ড্রোন ঘণ্টায় মাত্র ১০ কিলোমিটার গতিতে চলতে পারে। নদী, মাইন পাতা এলাকা এবং দুর্গম ভূখণ্ড পার হতেও এগুলোকে সমস্যায় পড়তে হয়।
প্রতিষ্ঠানটির ওই প্রতিনিধি বলেন, ‘এসব ড্রোন শত্রুপক্ষের জন্য সহজ লক্ষ্যবস্তু। একটি উদ্ধার অভিযান শেষ করতেই কয়েক ঘণ্টা লেগে যেতে পারে।’
অন্যদিকে স্টারগেট ড্রোন ঘণ্টায় সর্বোচ্চ ১০৫ কিলোমিটার গতিতে উড়তে পারে। এটি সর্বোচ্চ ১৫০ কেজি ওজন বহন করতে সক্ষম এবং একবারে ৩০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।
প্রতিটি ড্রোন তৈরিতে খরচ পড়ে প্রায় ৫০ হাজার মার্কিন ডলার।
কারখানার ভেতরে একটি কেন্দ্রীয় পথের দুই পাশে কয়েকটি ড্রোন সাজিয়ে রাখা হয়েছে। এর পেছনে ধাতব কাঠামো দিয়ে তৈরি বিভিন্ন পরীক্ষামূলক ড্রোনের নমুনা পড়ে রয়েছে।
২০২৬ সালের শেষ নাগাদ প্রতি মাসে এক হাজার ড্রোন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে স্কাইফল।
কারখানার বাইরে একটি ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়নও চালানো হয়। প্রায় ৪০০ কেজি ওজনের ড্রোনটি বিকট শব্দ করে আকাশে উড়ে যায়। এ শব্দ শুনে মনে হচ্ছিল, যেন প্রচণ্ড ঝড় আসছে।
ড্রোনটির নিয়ন্ত্রণে ছিলেন প্রশিক্ষণার্থী চালকেরা। এর আগে তারা শুধু রসদ কিংবা বোমা বহনকারী ড্রোন চালানোর প্রশিক্ষণ নিয়েছিলেন।
ইয়েভগেনকে উদ্ধারকারী ড্রোনের চালক এএফপিকে বলেন, ‘আমি যখন তাকে ড্রোনে তুলে নিলাম, তখন সবাই চুপ হয়ে গেল।’
‘চারদিকে শুধু নীরবতা। লাইব্রেরিতে যেমন নিস্তব্ধতা থাকে, ঠিক তেমন। কারণ, এবার ড্রোনে কোনো মালামাল নয়, একজন মানুষ ছিল।’
‘কেভিএন’ ছদ্মনামে পরিচিত ওই চালক এভাবেই তার অনুভূতির কথা জানান।
উদ্ধার অভিযান শুরুর আগে আকাশে রাশিয়ার কয়েকটি হামলাকারী ড্রোন শনাক্ত করা হয়। ফলে অভিযান সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।
দ্বিতীয়বার চেষ্টা করেও অভিযান শুরু করা সম্ভব হয়নি।
অবশেষে তৃতীয়বারের চেষ্টায় ড্রোনটি উড্ডয়ন করে। এটি প্রায় ১০০ মিটার উচ্চতা দিয়ে উঠে যায়।
এ সময় রাশিয়ার ইলেকট্রনিক জ্যামার ড্রোনটির সঙ্গে চালক কেভিএনের যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করে দেয়। আকাশে চলমান যুদ্ধের মাঝখানে ড্রোনটি কিছুক্ষণ স্থির হয়ে থাকায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়।
কয়েক সেকেন্ড পর ড্রোনটির নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ন্ত্রণের দায়িত্ব নেয়। পরে আবার যোগাযোগ স্থাপিত হলে চালক নিয়ন্ত্রণ ফিরে পান।
পুরো উদ্ধার অভিযান শেষ করতে প্রায় ১৫ মিনিট সময় লাগে। ইউক্রেনীয় সেনাদের একটি দল পুরো অভিযান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে।
নতুন এই প্রযুক্তি নিয়ে ইউক্রেনের সেনাবাহিনী সতর্ক আশাবাদ প্রকাশ করেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক সেনা কর্মকর্তা বলেন, ‘এই ব্যবস্থার কার্যকারিতা ভালোভাবে মূল্যায়ন করতে যুদ্ধক্ষেত্রে আরও বেশি পরীক্ষামূলক ব্যবহারের অভিজ্ঞতা প্রয়োজন। তবে প্রাথমিকভাবে এটি আশাব্যঞ্জক মনে হচ্ছে।’
ড্রোনচালক কেভিএনের কাছে এই প্রযুক্তি এমন এক ভবিষ্যতের প্রতীক, যেখানে প্রযুক্তির সহায়তায় যুদ্ধক্ষেত্র থেকে সেনাদের নিরাপদে তাদের পরিবারের কাছে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে।
অন্যদিকে ইয়েভগেন এখন একজন নৈতিক বার্তা প্রচারক হিসেবে কাজ করছেন। তিনি তার সহযোদ্ধাদেরও এই ড্রোনে উদ্ধারের বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করছেন। অনেকেই এখনো ড্রোনে চড়ে উদ্ধারের বিষয়ে ভয় পান।
ইয়েভগেন বলেন, ‘আমি তাদের বার্তা পাঠিয়ে বোঝানোর চেষ্টা করি, ভয় পাওয়ার কিছু নেই।’
মন্তব্য করুন