(নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
মতবিনিময় সভায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার তাঁর নির্বাচনী এলাকায় গত ছয় মাসে সমাপ্ত ও চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। শিক্ষা, সড়ক যোগাযোগসহ এলাকার সার্বিক উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা নিয়েও সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। সততা ও নিষ্ঠার সঙ্গে ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরতে হবে। সাংবাদিকতার পেশায় সব ধরনের ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে এসে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সীমান্ত চোরাচালান, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। শিক্ষা, সড়ক যোগাযোগসহ এলাকার সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে হানাহানি, মারামারি ও বিশৃঙ্খলার কোনো স্থান থাকবে না।
সভায় সাংবাদিকরা ডিমলা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড ও সমসাময়িক নানা বিষয় তুলে ধরেন। এ সময় জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরা এবং এলাকার উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তাজুল ইসলাম, ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রকুনুজ্জামান বকুল, ডিমলা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলা মিডিয়া বিভাগের সেক্রেটারি নূর মোবাশ্বের হোসেনসহ দলটির স্থানীয় নেতৃবৃন্দ।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় সাংবাদিক ও জামায়াত নেতাদের মধ্যে এলাকার উন্নয়ন, জনস্বার্থ ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
মন্তব্য করুন