জাপানের প্রযুক্তি খাতে বিনিয়োগকারী প্রতিষ্ঠান সফটব্যাংক গ্রুপ চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ১ দশমিক ১ ট্রিলিয়ন ইয়েন বা ৭০০ কোটি (৭ বিলিয়ন) ডলার নিট লোকসানের কথা জানিয়েছে। মঙ্গলবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিশ্ববাজারে প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দামে ওঠানামা এবং সফটব্যাংকের বিনিয়োগ ও অধিগ্রহণের পোর্টফোলিওতে পরিবর্তনের কারণে প্রতিষ্ঠানটির মুনাফায় প্রায়ই বড় ধরনের ওঠানামা দেখা যায়।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং এ-সংক্রান্ত অবকাঠামো উন্নয়নে সফটব্যাংক কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাসায়োশি সন বিভিন্ন সময় এআই প্রযুক্তির সুদূরপ্রসারী সম্ভাবনা ও বিশ্ব বদলে দেওয়ার ক্ষমতার কথা তুলে ধরেছেন।
২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে সফটব্যাংক ২ দশমিক ৫ ট্রিলিয়ন ইয়েন নিট মুনাফা করেছিল। বিশ্বজুড়ে শেয়ারবাজারে তখন রেকর্ড উত্থান চলছিল। উল্লেখ্য, চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের অন্যতম বড় বিনিয়োগকারী সফটব্যাংক।
সর্বশেষ লোকসানের পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে ঋণের সুদ পরিশোধ এবং বিক্রয় ও প্রশাসনিক খাতের ব্যয়।
এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধে ৩৭০ কোটি ডলার লোকসানের আরেকটি কারণ হিসেবে যুক্তরাষ্ট্রে এআই ডেটা সেন্টার প্রকল্পের জন্য বিদ্যুৎ উৎপাদন-সংশ্লিষ্ট যন্ত্রপাতি কেনার পরিকল্পনা পুনর্বিবেচনার কথা জানিয়েছে সফটব্যাংক।
প্রতিষ্ঠানটি বলেছে, চলমান ও পরিকল্পনাধীন প্রকল্পগুলোর পরিবর্তিত চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে এ কৌশল সংশোধন করা হয়েছে।
বরাবরের মতো এবারও পুরো অর্থবছরের সম্ভাব্য আর্থিক ফলাফল সম্পর্কে কোনো পূর্বাভাস দেয়নি সফটব্যাংক।
গত সপ্তাহে বিশ্বজুড়ে প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দামে বড় ধরনের পতন ঘটে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানদের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর এআই খাতে নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ বাড়তে পারে—এমন আশঙ্কা থেকেই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার নির্মাণ নিয়েও সাধারণ মানুষের ব্যাপক বিরোধিতা রয়েছে। মধ্যবর্তী নির্বাচনে জয়ী অনেক রাজনীতিক নতুন ডেটা সেন্টার নির্মাণ সাময়িকভাবে বন্ধ রাখাসহ এ ধরনের প্রকল্পের লাগাম টানার প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে, গত সপ্তাহে সফটব্যাংক জানিয়েছে, সুইজারল্যান্ড ও সুইডেনের যৌথ মালিকানাধীন শিল্পকারখানার রোবট নির্মাতা প্রতিষ্ঠান কেনার তাদের ৫৪০ কোটি ডলারের পরিকল্পনায় বাধা দিয়েছে চীন। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর রোবট খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করার অংশ হিসেবে এ অধিগ্রহণের উদ্যোগ নিয়েছিল প্রতিষ্ঠানটি।
শিল্পকারখানায় ব্যবহৃত যন্ত্র ও রোবট তৈরিতে বিশেষায়িত এবিবি রোবোটিকস কেনার চুক্তির ঘোষণা গত বছর দেওয়া হয়েছিল।
প্রতিষ্ঠানটির মূল কোম্পানি এবিবি গ্রুপ জানিয়েছে, চীন তাদের দ্বিতীয় বৃহত্তম বাজার। দেশটিতে তাদের মোট বিক্রির ৯০ শতাংশের বেশি স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য ও সেবা থেকে আসে।
তবে জাপানের সঙ্গে কূটনৈতিক বিরোধ চলার মধ্যে বেইজিং কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য সংবেদনশীল প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করছে।
মন্তব্য করুন