(নীলফামারী) প্রতিনিধি:
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। পরে সমবায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান।
সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল-বান্না, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফারুক হোসেন এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। বর্তমান সরকার দেশের সামগ্রিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায় খাতকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দিচ্ছে। সমবায়ের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ জন্য সমবায় সমিতিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রম গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সঞ্চয়ের মাধ্যমে সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর ও স্বনির্ভর করে গড়ে তুলতে হবে। সমবায়ের মূল শক্তি ঐক্য ও পারস্পরিক সহযোগিতা উল্লেখ করে তাঁরা বলেন, স্বচ্ছতা, জবাবদিহি এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়নে সমবায় আন্দোলন আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমবায় বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তি ও সমবায়ী সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রতিষ্ঠান ও সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন