মো:এনামুল ইসলাম
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ সদর উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের পূর্বতারাপাশা এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে জনসচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে চিহ্নিত মাদক আস্তানা পরিদর্শন করেছেন ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সফল কমিশনার আরিফুল ইসলাম আরজু।
শুক্রবার জুমার নামাজের পর পূর্বতারাপাশা ইদ্রিসিয়া জামে মসজিদের মুসল্লিদের সঙ্গে নিয়ে তিনি এলাকার বিভিন্ন স্থানে ঘুরে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আস্তানা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের নেতা দুলাল, ছাত্রদলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন পেশাজীবী, যুবসমাজ ও সাধারণ এলাকাবাসী।
পরিদর্শনকালে সাবেক কমিশনার শরিফুল ইসলাম আরজু মাদক ব্যবসায় জড়িত ব্যক্তিদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব ধরনের মাদক ব্যবসা ও মাদকের আস্তানা স্বেচ্ছায় সরিয়ে নিতে হবে। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এসব মাদকের আস্তানা উচ্ছেদ ও ধ্বংস করা হবে।
তিনি আরও বলেন, “মাদক আমাদের যুবসমাজ, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো মাদক ব্যবসায়ীকে এই এলাকায় ছাড় দেওয়া হবে না।”
উপস্থিত বক্তারাও বলেন, মাদকমুক্ত পূর্বতারাপাশা গড়ে তুলতে স্থানীয় জনগণ, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের সামাজিক প্রতিরোধ ভবিষ্যতেও চলবে বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্রসমাজ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, মসজিদের মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মাদকবিরোধী এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন। এলাকাবাসীর আশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে পূর্বতারাপাশা এলাকায় মাদক ব্যবসা নির্মূলে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
মন্তব্য করুন