মো: রাজ হাওলাদার
মোংলা প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-০৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি সরকার শেখ হাসিনার রেখে যাওয়া ব্যবস্থা বা কাঠামোকে অত্যন্ত যত্নে টিকিয়ে রেখেছে। তিনি অভিযোগ করেন, যে দলের সবচেয়ে বেশি নেতাকর্মী অতীতে নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন, সেই বিএনপিই এখন গুম কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
বুধবার (২৩ জুলাই) রাত ১০টায় মোংলা পৌর শহরের শাপলা চত্বরে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “অন্তর্বর্তী সরকার দেশে গুম কমিশন গঠনের জন্য সুপারিশ করেছিল এবং বিএনপি সরকার সে বিষয়ে কথা দিয়েছিল। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। যে দলটি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হলো, তারাই আজ গুম কমিশনের বিরোধিতা করছে। ফলে দেশে এখনো হাসিনার আমলের পুরোনো সিস্টেমই বিদ্যমান রয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডাঃ মাহমুদা মিতু বলেন, “আমাদের দুটি মূল আকাঙ্ক্ষা রয়েছে—প্রথমটি হলো আমাদের শহীদ ভাইদের হত্যার সঠিক বিচার নিশ্চিত করা; আর দ্বিতীয়টি হলো, দিল্লিতে বসে যিনি এখনো চক্রান্ত করছেন এবং কিছুদিন পর পর উঁকি মারার হুমকি দিচ্ছেন, সেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝুলানো।”
পদযাত্রা অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি হাসনাত আবদুল্লাহ মোংলা পোর্ট পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম সংগঠক মোল্যা রহমাতুল্লাহর নাম ঘোষণা করেন এবং উপস্থিত সবার মাঝে হাত উঁচিয়ে তাকে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ছাড়াও স্থানীয় নেতা মৃধা মাজেদুল ইসলাম, আবু হাসান, মো. জুবায়ের, জাহিদ হাসান ও মো. সোহেল উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন