জ্যোতি বাছাড়, (খুলনা) : খুলনার বটিয়াঘাটা উপজেলায় গলাকাটা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি খুলনা মহানগরের গোবরচাকা এলাকার বাসিন্দা ও ইজিবাইক চালক রাজন হাওলাদার (৩২)।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা আসিফ সড়কের মাথায় বিলের পাশে বিদ্যুতের খুঁটির নিচে থাকা একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাকাটা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তাঁর বয়স ২৮ থেকে ৩০ বছর বলে ধারণা করা হলেও পরে পরিচয় নিশ্চিত হওয়া যায়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তি খুলনার গোবরচাকা এলাকার রাজু হাওলাদারের ছেলে রাজন হাওলাদার (৩২)। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। এর আগে মঙ্গলবার তাঁর ব্যবহৃত ইজিবাইকটি হরিণটানা থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল।
পুলিশের একটি সূত্র জানায়, বটিয়াঘাটার জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকা মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের তৎপরতার জন্য পরিচিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
পুলিশ ঘটনাটির রহস্য উদঘাটন, হত্যার প্রকৃত কারণ নির্ণয় এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রেখেছে।
মন্তব্য করুন