ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই অংশ হিসেবে আজ শনিবার সকাল ১০টায় জেলা শহরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
জেলা প্রশাসকের কার্যালয় আয়োজিত এবং নেত্রকোণা পৌরসভার সার্বিক সহযোগিতায় এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন ও তদারকি করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণা পৌরসভার প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মো. আরিফুল ইসলাম সরদার।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম. ইজাজুল হক, মাসুম আহমদ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং পিটিআই-এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
অভিযান চলাকালে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পিটিআই প্রাঙ্গণের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং মশার প্রজননস্থল ধ্বংস করার লক্ষ্যে পরিচ্ছন্নতা কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিচ্ছন্নতা অভিযান শেষে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথাবার্তা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের পড়ালেখা সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
জেলাজুড়ে মশাবাহিত রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে এই পরিচ্ছন্নতা অভিযান ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিযানে পিটিআই-এর কর্মকর্তা, প্রশিক্ষণার্থী, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন