(নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় লাইসেন্স ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়াই পরিচালিত একটি অবৈধ মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জননিরাপত্তার স্বার্থে পাম্পটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ডিমলা উপজেলা সদরের টিএনটি সড়ক এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় লাইসেন্স ও সরকারি অনুমোদন ছাড়াই পাম্পটিতে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি করা হচ্ছিল। সরেজমিনে দেখা যায়, জ্বালানি সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে নিরাপত্তা বিধির কোনো ধরনের মানদণ্ড অনুসরণ করা হয়নি। সেখানে অগ্নিনির্বাপণ যন্ত্র, সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা কিংবা দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জামও ছিল না।
প্রশাসনের মতে, আবাসিক ও জনবহুল এলাকায় এ ধরনের অবৈধ জ্বালানি ব্যবসা যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। বিষয়টি জননিরাপত্তার জন্য হুমকি হওয়ায় তাৎক্ষণিকভাবে পাম্পটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবসায়ী রেজাউল ইসলামকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১)(ক) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি বৈধ অনুমোদন ছাড়া ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির বলেন, “লাইসেন্স ছাড়া জ্বালানি তেল বিক্রি শুধু আইনবিরোধীই নয়, এটি জনসাধারণের জীবন ও সম্পদের জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া পরিচালিত এসব প্রতিষ্ঠানে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনস্বার্থে অবৈধ জ্বালানি বিক্রয়কেন্দ্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে প্রশাসনের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ জ্বালানি বিক্রয়কেন্দ্রগুলো চিহ্নিত করে একই ধরনের অভিযান পরিচালনা করা হলে জননিরাপত্তা আরও নিশ্চিত হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, অবৈধ পেট্রোল পাম্পের বিরুদ্ধে প্রশাসনের এ কঠোর অবস্থান ভবিষ্যতে অননুমোদিত জ্বালানি ব্যবসা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।
মন্তব্য করুন